শুক্রবার পূর্ব লাদাখের চুশুল সেক্টরের অন্তর্গত প্যাংগং হ্রদের দক্ষিণ পাড়ে চীনা ফৌজের এক সৈনিককে গ্রেপ্তার করে ভারতীয় সেনা। শুক্রবার সকালে ওই চীনা সেনার নিখোঁজ হওয়ার দুঘণ্টার মধ্যেই তাঁকে আটক করে ভারত। এই বিষয়ে তৎক্ষণাৎ লাল ফৌজকে খবর নিশ্চিত করে ভারতীয় সেনা। এরপরই বেজিং দাবি করে, আটক সিপাহীকে দ্রুত মুক্তি দিতে হবে ভারতকে। আর এর মধ্যে দিয়েই সীমান্তে যৌথভাবে শান্তি বজায় থাকবে। এরপরই ভারতের তরফ থেকে জানানো হয়, উপরমহলের নির্দেশ পেলেই চীনা সিপাহীকে মুক্তি দেওয়া হবে। এই গোটা প্রক্রিয়া দ্রুত সেরে ফেলার জন্য বারবার ভারতকে তাগাদা দিচ্ছিল চীনা বাহিনী।
আর এবার আটক হওয়ার প্রায় ৭২ ঘণ্টার পর আজ সোমবার ওই সৈনিককে লালফৌজের হাতে তুলে দেয় ভারতীয় সেনাবাহিনী।
ড্রাগনদের তরফে প্রথম থেকে দাবি করা হচ্ছিল, অন্ধকারে পথ ভুলে ভারতে ঢুকে পড়েছিল ওই সিপাহী। যদিও ওই চীনা সৈনিকের ভারত প্রবেশকে অনুপ্রবেশ বলেই ধরে নিয়েছে ভারতীয় সেনা। কারণ ভারতীয় সীমান্তে চীনা অনুপ্রবেশ লেগেই রয়েছে। প্রসঙ্গত, গত অক্টোবর মাসেও লাদাখের ডেমচক এলাকায় ওয়াং ইয়া লং নামের এক চীনা সৈনিককে গ্রেপ্তার করা হয়। যদিও জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছিল।





