“Chutia”, এটা পদবী নাকি গালাগালি? বারবার এমন প্রশ্নের মুখে পড়েছেন অসমের মেয়ে প্রিয়াঙ্কা। তবে এবার সমস্যা তৈরি হল অনলাইনে চাকরির ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রেও। তাই শেষমেশ সোশ্যাল মিডিয়াতেই নিজের অসহায়তার কথা প্রকাশ করলেন প্রিয়াঙ্কা চুতিয়া।
তাঁর পদবীটি ইংরেজিতে লিখলেই সকলে ভাবেন তিনি অশ্লীল ভাষার প্রয়োগ করছেন। এই পদবী নিয়ে বারবারই চরম হেনস্থার মধ্যে পড়েছেন অসমের “Chutia” সম্প্রদায়ের মেয়ে প্রিয়াঙ্কা। এতদিন তাঁর পদবী নিয়ে সামনে বা আড়ালে অনেকেই ঠাট্টা তামাশা করতেন তবে এবার চাকরির আবেদন করতে গিয়েও বিপাকে পড়লেন তিনি।
অসমের গোগামুখ শহরে বাস করেন প্রিয়াঙ্কা। তিনি এগ্রিকালচারাল ইকোনমিক্স অ্যান্ড ফার্ম ম্যানেজমেন্ট নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়াশুনা করেছেন। তবে সম্প্রতি কেন্দ্র সরকারের অধীনস্ত একটি বড় কোম্পানি ‘ন্যাশনাল সিড কর্পোরেশন লিমিটেড’-এ চাকরির আবেদন করতে গিয়েও সমস্যায় পড়েন প্রিয়াঙ্কা। অনলাইনে ফর্ম ফিল আপ করতে গিয়ে তিনি নিজের পদবী যতবারই লেখেন ‘চুতিয়া’ (Chutia), ততবারই সফটওয়্যার তাঁকে ‘প্রপার নাউন’ ব্যবহার করতে বলে। এইভাবে চলতে থাকায় শেষ অবধি তাঁর আর ফর্ম জমা দেওয়া হয়নি। এরপর সমস্ত ঘটনা জানিয়ে সংস্থাকে চিঠি দিলে সংস্থা প্রিয়াঙ্কার আবেদন গ্রহণ করে।
এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কা লেখেন, “অনলাইনে আমার আবেদন গ্রাহ্য না হওয়ার কারণ হলো আমার পদবী। সফটওয়্যার ক্রমাগত আমাকে প্রপার নাউন ব্যবহার করতে বলছিল। এরপর আমার খুবই খারাপ লাগে। আমার পদবী নিয়ে অনেকেই ঠাট্টা তামাশা করে, আমি সবাইকে বোঝাতে গিয়েও মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই, যে আমার পদবী কোনও গালাগাল নয়।”
প্রসঙ্গত, এই ঘটনার পর ন্যাশনাল সিড কর্পোরেশন লিমিটেড জানিয়েছে, পোর্টালে আগামীদিনে যাতে এই ধরনের সমস্যা না হয় তার চেষ্টা চলছে।





