“তাবলীগ জামাতকে অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়নি রাজ্যে” জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে আড়াই হাজারের গন্ডি। মহারাষ্ট্র ও কেরলেই করোনা সবচেয়ে বেশি আঘাত হেনেছে। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪২৩ জন। এরই মাঝখানে দিল্লির নিজামুদ্দিনে তাবলীগ জামাতের বার্ষিক সম্মেলন অনুষ্ঠানকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

এই জমায়েত থেকে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। জমায়েতে যোগদানকারী অসংখ্য মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। দেশের বহু রাজ্য থেকেই এই সমাবেশে যোগ দিয়েছিলেন প্রচুর তাবলীগ জামাত সদস্য। সারা বিশ্ব জুড়ে বিভিন্ন জায়গায় এই সমাবেশ আয়োজন করা হয়েছিল। এই পরিস্থিতিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানালেন, মহারাষ্ট্রে এরকম কোনো অনুষ্ঠান করার অনুমতি তিনি দেননি এবং লোকে যেন করোনা নিয়ে কোনোরকম গুজব না ছড়ায়। এই করোনা ভাইরাস কোনো ধর্ম দেখে মানুষকে আক্রমণ করছে না‌ তাই এই ভাইরাসকে যেন ধর্মের হাতিয়ার হিসাবে ব্যবহার না করা হয়। মহারাষ্ট্র থেকে যারা এই সমাবেশে যোগ দিয়েছিলেন তাঁদের চিহ্নিত করা হয়েছে। দিল্লির অপরাধদমন শাখা তাবলীগ জামাতের প্রধানকে খুঁজছে যিনি এখন সেলফ আইসোলেশনে আছেন।

পিটিআইয়ের মতে, মহারাষ্ট্র থেকে ২৫২ জন এই সমাবেশে যোগ দিয়েছিলেন। নাগপুরে ৫৪ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, ওয়ারধাতে একজনকে এবং কোঙ্কন এলাকায় প্রায় ২০০ জনের খোঁজ পাওয়া গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে উদ্ধব ঠাকরেকে এদের খুঁজে পরীক্ষা করতে বলেছিলেন। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, সমাবেশে যোগদানকারী ১০৩২ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। সারাদেশে প্রায় ২২ হাজার জন যোগদানকারীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

RELATED Articles

Leave a Comment