দাম্পত্য জীবনে আমাদের ছোটখাটো ঝামেলা হয়ে থাকে। পুরুষরা সেই সময় স্ত্রীর সঙ্গে অন্য মহিলার তুলনা করে থাকেন। যদি আপনি এরকম করে থাকেন তাহলে এখনই সাবধান হয়ে যান। অন্য মহিলাদের সঙ্গে স্ত্রীর তুলনা করা মানসিক অত্যাচার বলে জানিয়েছে কেরালা হাইকোর্ট।
সম্প্রতি একটি বিবাহবিচ্ছেদ মামলার শুনানির রায় দান চলাকালীন এমনই জানিয়েছে কেরালা হাইকোর্ট। শুধু তাই নয়, শারীরিক প্রত্যাশা পূরণ করতে না পারার জন্য স্বামীর ক্রমাগত কূটক্তি এক ধরণের অপরাধের মধ্যে পরে বলে জানিয়েছে হাইকোর্ট।
২০১৯ সালের বিবাহবিচ্ছেদ বা ডিভোর্স সংক্রান্ত এক মামলায় স্ত্রী আদালতকে জানান তাঁর স্বামী ক্রমাগত চেহারা নিয়ে বিদ্রুপ করত। সে সুন্দর নয় এবং সে তার প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে বলে নানারকম কটূক্তি করতেন স্বামী। এমনকি অন্য মহিলাদের সঙ্গে তুলনা টেনে বারবার তাঁকে অপমান করা হত বলে নিম্ন আদালতে অভিযোগ জানিয়েছিলেন ওই মহিলা। এরফলে মানসিকভাবে বিধস্ত হয়ে যান তিনি।
স্বামীর বিরুদ্ধে নির্মমতার অভিযোগ এনে নিম্ন আদালতে বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন ওই মহিলা। সেই রায়কে চ্যালেঞ্জ করে কেরালা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন মহিলার স্বামী। সেখানে বিচারপতি চরম ভর্ৎসনা করেন স্বামীকে। বিচারপতি অনিল কে নরেন্দ্রন এবং বিচারপতি সিএস সুধার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, অন্য মহিলার সঙ্গে নিজের স্ত্রীর তুলনা করা মানসিক নির্যাতনের সমান।






