পার্থ-অনুব্রতর গ্রেফতারির জের! ভাবমুর্তি স্বচ্ছ রাখতে মন্ত্রীদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, ‘পাইলট কার ব্যবহার করা যাবে না’, জানালেন মমতা

পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অনুব্রত মণ্ডল (Anubrata Mandal), দলের দুই হেভিওয়েট নেতার গ্রেফতারির পর এবার সতর্ক হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে মন্ত্রিসভার মন্ত্রীদের কড়া নির্দেশ দিলেন মমতা। মন্ত্রিসভা (cabinet) রদবদলের পর আজ, বৃহস্পতিবার প্রথম মন্ত্রিসভার বৈঠক ডাকেন মমতা। এই বৈঠকেই মন্ত্রীদের একাধিক নির্দেশ দিলেন তিনি।

এদিন মন্ত্রিসভার বৈঠকে মমতা বারবার বার্তা দিয়ে মন্ত্রীদের বলেন যে সকলের জন্য কাজ করতে হবে। পাইলট কারের উপর নিষেধাজ্ঞা জারি করেন তিনি। মমতা নির্দেশ দিয়ে বলেন-

  • মন্ত্রীরা পাইলট কার ব্যবহার করতে পারবেন না।
  • জেলা থেকে কলকাতায় আসলেও পাইলট কার ব্যবহার করা যাবে না।
  • এতদিন প্রতিমন্ত্রীদের তেমন কোনও কাজ থাকত না। এবার প্রতিমন্ত্রীদের জন্যে আলাদা কাজ ঠিক করে দেবে মুখ্যমন্ত্রীর দফতর।

এদিনের বৈঠকে জ্যোতিপ্রিয় মল্লিককে কিছুটা ধমক দেন মমতা। বৈঠকের শুরুতেই তাঁর দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, “বালু (জ্যোতিপ্রিয়) তোমার নামে এত অভিযোগ শুনছি কেন? পরিচ্ছন্ন ভাবমূর্তি রেখে চলো। কেন আমাকে অভিযোগ শুনতে হবে”।

মন্ত্রিসভার নতুন মন্ত্রীদের নানান সতর্কবার্তা দিয়ে মমতা বলেন-

  • কাগজপত্র ভালো করে পড়তে হবে।
  • কাগজপত্র ভাল করে বোঝার পরই সিদ্ধান্ত নিতে হবে।
  • কাগজপত্র ভালোভাবে পড়ে স্বাক্ষর করতে হবে।

জুলাই মাসের শেষের দিকে এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। এরপর গত বৃহস্পতিবার গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, পার্থ ও অনুব্রতর গ্রেফতারির জেরে তৃণমূল এখন কোণঠাসা। সেই কারণেই দলের নেতাদের ভাবমূর্তি স্বচ্ছ রাখার প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন মমতা।

এদিন বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান যে রাজ্যে শিল্পের প্রসারের জন্য বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে ১৮টি ইন্ডাস্ট্রিয়াল ইউনিট ও ৫টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে বলে জানান তিনি। এর মধ্যে চারটি ইউনিটের নাম ঘোষণা করেন তিনি। এগুলি হল – সিজি ফুডস প্রাইভেট লিমিটেড, বিদ্যাসাগর ইন্ড্রাস্ট্রিয়াল পার্ক, এস এস গ্লোবাস, বার্জার পেন্টস, জুবিলিয়ান ফুড ওয়ার্ক লিমিটেড। এস এস গ্লোবাস, বার্জার পেন্টসের কারখানা তৈরি হবে পানাগড়ে। জুবিলিয়ান ফুড ওয়ার্ক লিমিটেড তৈরি হবে নৈহাটির ঋষি বঙ্কিম শিল্পোদ্যানে।

RELATED Articles