গালওয়ানে আহত জওয়ানদের অবস্থা স্থিতিশীল, এক সপ্তাহের মধ্যে কাজে ফিরতে পারেন ৫৮ জন

১৫ই জুন লাদাখ সীমান্তে চীন ও ভারতের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে ২০ জন শহীদ হন এবং ৭৬ জন জওয়ান আহত হন। আহত সেনারা এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তাঁরা শীঘ্রই ফের কাজে যোগ দিতে পারবেন, সেনার সূত্র উদ্ধৃত করে একথা প্রকাশ্যে আনল সংবাদসংস্থা এএনআই।

এএনআই এর সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ১৮ জন জওয়ান লেহ’র সেনা হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের সুস্থ হতে এখনো দিন ১৫ লাগবে। তারপর তাঁরা আবার কাজে যোগ দিতে পারবেন। বাকি ৫৮ জন সেনা জওয়ান বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের আঘাত সামান্য। ফলে তাঁরা এক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন বলে জানা যাচ্ছে।

এদিকে, গালওয়ান উপত্যকার অশান্ত পরিস্থিতিকে পুনরায় স্বাভাবিক করতে বৃহস্পতিবার ভারত এবং চীনা সেনার মেজর জেনারেল অধিকর্তাদের মধ্যে বৈঠক হয়। সোমবার ১৫ই জুন চীনের কাপুরুষোচিত হামলার তিনদিন অতিবাহিত হওয়ার পর আবার দু’দেশের সেনারা আলোচনার টেবিলে বসবেন। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দুই মেজর সহ ১০ জন ভারতীয় সেনাকে ছেড়ে দিয়েছে চীন, তবে বিষয়টি নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

তবে সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, গালওয়ান সংঘর্ষের পর কোনও ভারতীয় জওয়ান নিখোঁজ নেই। পরে বিদেশ মন্ত্রকের তরফেও একই কথা জানানো হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, ‘বৃহস্পতিবার বিকেলে সেনার তরফে স্পষ্ট জানানো হয়েছে যে তাদের কোনও জওয়ান নিখোঁজ নেই।’

RELATED Articles

Leave a Comment