করোনার প্রভাব দেশজুড়ে অব্যাহত রয়েছে। যার জেরে গত ১৬ই মার্চ থেকে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরপরে ২৪ মার্চ থেকে দেশব্যাপী প্রথম দফার লকডাউন ঘোষণা করা হয়। এই সংকটের জেরে বিঘ্নিত হচ্ছে ছাত্র-ছাত্রীদের পরীক্ষার নির্ঘন্ট।
করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই আগামী জুলাই মাসে সম্ভবত সেমিস্টার পরীক্ষা হতে পারে বিশ্ববিদ্যালয়গুলিতে। তবে সেক্ষেত্রে পরীক্ষার সময় ৩ ঘণ্টা থেকে কমিয়ে ২ ঘন্টা করতে পারে বিশ্ববিদ্যালয়গুলি।বৃহস্পতিবার এমনই সুপারিশ করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
এদিন পরীক্ষার নিয়মাবলি সহ আগামী শিক্ষাবর্ষের কথা ঘোষণা করল ইউজিসি।সেই নিয়ম অনুযায়ী, ফাইনাল সেমিস্টারের পরীক্ষা জুলাই মাসে নেওয়া হতে পারে। তবে, বাকি সেমিস্টারের ক্ষেত্রে অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতেই ফল ঘোষণা করা হবে। অথবা, যে জায়গায় কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, সেখানে জুলাই মাসে পরীক্ষা নেওয়ার কথা ভাবা যেতে পারে।
ইউজিসি জানিয়েছে,সেমিস্টার পরীক্ষা অনলাইন হবে নাকি অফলাইন হবে তা সেই কলেজের পরিকাঠামোর ওপর নির্ভর করবে। তবে, সব শিক্ষার্থীরা যাতে সমান সুযোগ পান সেই বিষয় মাথায় রাখতে হবে যে।পাশাপাশি, কমিশন আরও জানিয়েছে, পরীক্ষার সময় তিন ঘণ্টা থেকে কমিয়ে দু ঘণ্টা করতে পারে বিশ্ববিদ্যালয়গুলি। সেক্ষেত্রে বিকল্প পরীক্ষা-পদ্ধতি অবলম্বন করা যেতে পারে এবং যাতে সেই পরীক্ষায় কোনো প্রকার জটিলতা না সৃষ্টি হয় সেটাও নজর রাখবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি।
ইউজিসি জানিয়েছে, পুরনো পড়ুয়াদের জন্য ২০২০-২১এর শিক্ষাবর্ষ শুরু হতে পারে ১লা অগাস্ট থেকে। আর নতুনদের জন্য সম্ভাব্য তারিখ হতে পারে ১ সেপ্টেম্বর।






