রাজ্যে নতুন করে আরও ৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই মুূহূর্তে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭২। এর সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। করোনাভাইরাসে সংক্রমিত হয়ে রাজ্যে মৃত্যুর সংখ্যা এখন বেড়ে হয়েছে ৩৩। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন মুখ্যসচিব রাজীব সিনহা।
কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও হুগলি থেকে এই ৩৭ করোনা আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। ‘রাজ্যে এখন ১৩টি ল্যাবে টেস্ট হচ্ছে। ৩ দিন ধরে রাজারহাটের ল্যাবে টেস্ট হচ্ছে না। প্রযুক্তিগত ত্রূটির কারণে বন্ধ রাজারহাটের ল্যাব ৮০% বেশি সংক্রমণ কলকাতা-সহ ৩ জেলায়। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়ায় বেশি সংক্রমণ। হুগলি থেকেও সংক্রমণের খোঁজ মিলেছে’, জানিয়েছেন মুখ্যসচিব।
তাছাড়াও তিনি বলেন, ‘গতকাল ১ হাজার ৩৯৭ জনের টেস্ট হয়েছে। ৮টি জেলা এখনও পর্যন্ত সম্পূর্ণ করোনামুক্ত। সরকারের পদক্ষেপ ধীরে ধীরে কার্যকর হচ্ছে। রাজ্যে এখন কনটেনমেন্ট জোন ৪৪৪টি। কলকাতায় ২৬৪টি কনটেনমেন্ট জোন। হাওড়ায় ৭২টি কনটেনমেন্ট জোন। উত্তর ২৪ পরগনায় ৭০টি কনটেনমেন্ট জোন। গ্রিন জোনে ছাড় নিয়ে ২ মে নতুন বিধি প্রকাশ হবে।’






