প্রায় দু’মাস পেরিয়ে গিয়েছে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’র (Bharat Jodo Yatra)। এই কর্মসূচির প্রথম থেকেই কংগ্রেসকে (Congress) আক্রমণ শানিয়ে এসেছে বিজেপি (BJP)। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) কটাক্ষ করতে দেখা গিয়েছে। এবার ফের একবার এই যাত্রাকে ঘিরে ছড়াল বিতর্ক। রাজস্থানের কংগ্রেস বিধায়ক দিব্যা মদের্নার (Divya Maderna) সঙ্গে রাহুলের একটি ছবিকে কেন্দ্র করে কটাক্ষ করে বিজেপি। এর পাল্টা জবাবও দিলেন কংগ্রেস বিধায়ক।
আসলে ছবিতে রাজস্থানে ভারত জোড়ো যাত্রা চলাকালীন রাহুলকে দিব্যার কপালে চুম্বন করতে দেখা গিয়েছে। এই ছবিটি শেয়ার করেছিলেন দিব্যা নিজেই। সেই পোস্টে তিনি আক্রমণ করেছিলেন বিজেপিকে। এরপরই হরিয়ানার বিজেপি আইটি সেলের প্রধান অরুণ যাদব ছবিটি টুইট করে বিতর্ককে নয়া মাত্রা দেন। তিনি ছবিটির ক্যাপশন কী হতে পারে তা জানতে চেয়ে কার্যত খোঁচাই দেন কংগ্রেস শিবিরকে।
বিজেপিকে এর জবাবও দেন দিব্যা। একটি নয়, ৭টি ক্যাপশন দিয়ে আলাদা আলাদাভাবে ওই ছবিটি পোস্ট করেন তিনি। আর প্রত্যেক পোস্টেই বিজেপিকে ধারালো আক্রমণ শানান তিনি। এই নিয়ে এখন জাতীয় রাজনীতিতে বিতর্ক দানা বেঁধেছে।
এই ছবির একটি ক্যাপশনে দিব্যা লেখেন, “লজ্জা হওয়া উচিত আপনার। যদি আপনারও মেয়ে, স্ত্রী, মা থাকত…”। আবার আরেকটি ক্যাপশনে তাঁকে লিখতে দেখা যায়, “চরিত্র হনন বন্ধ করুন। রাজনৈতিক আক্রমণের ভিন্ন রাস্তা অবলম্বন করুন”।
শুধুমাত্র বিজেপিকে আক্রমণই নয়, রাহুলের প্রশংসাতেও নানান ক্যাপশন দিয়েছেন দিব্যা। তিনি কোনও ক্যাপশনে লিখেছেন, “বড়দাদা, রক্ষক, অভিভাবক”, “করুণা ও মানবিক গুণে পরিপূর্ণ আমাদের নেতা রাহুল গান্ধী”। আবার কোনও ক্যাপশনে দিব্যা লিখেছেন, “ঐতিহাসিক ভারত জোড়ো যাত্রা এক গণ আন্দোলনের চেহারা নিয়েছে। বিজেপির নিরাপত্তাহীনতা স্পষ্ট দেখা যাচ্ছে”।
প্রসঙ্গত, দেশের ১২টি রাজ্যে ‘ভারত জোড়ো যাত্রা’ করছে কংগ্রেস। কিছুদিন আগেই রাহুল বলেছিলেন যে এই যাত্রা তাঁর কাছে শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি নয়। এই যাত্রা তাঁর কাছে ব্যক্তিগত। দেশকে সুন্দর করে বুঝতে চাওয়াই এই যাত্রার উদ্দেশ্য বলে জানান তিনি।





