করোনা ভাইরাস তার ভয়ঙ্কর থাবা বসিয়েছে গোটা বিশ্বে। ইউরোপ থেকে এশিয়া, ছাড় পাচ্ছে না কোনো মহাদেশই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে ইতিমধ্যেই করোনাকে মহামারী হিসাবে ঘোষণা করা হয়েছে। ভারতেও এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ৭৩ জন। কেরালাতেই এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৭ জন।
একে একে বন্ধ হচ্ছে ক্রিকেট ম্যাচ থেকে বড় বড় ইভেন্ট। ১৫ এপ্রিল পর্যন্ত বিদেশিদের ভারতে আসার ভিসা স্থগিত রাখা হয়েছে। এবার দিল্লির আপ সরকার নির্দেশ দিল, আগামী ৩১শে মার্চ পর্যন্ত দিল্লিতে বন্ধ থাকবে সমস্ত সিনেমা হল, যা সিনেমা প্রেমীদের জন্য ঘোর দুঃসংবাদ।
এই খবরে মাথায় হাত সিনেমা হল মালিকদের। আসন্ন মুক্তি পেতে চলা ছবিগুলির প্রযোজকরাও দিল্লি সরকারের এই ঘোষণায় চিন্তিত। এর ফলে তাদের ব্যবসা প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত তো হবেই, তেমনি সিনেমাগুলি দেখা থেকে বঞ্চিত থাকবেন দর্শক।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, ৩১শে মার্চ পর্যন্ত দিল্লিতে বন্ধ থাকছে সমস্ত সিনেমা হল। এছাড়াও যেসকল স্কুল ও কলেজে কোনো পরীক্ষা চলছে না সেগুলিও বন্ধ থাকবে। কারণ হিসাবে তিনি করোনা ভাইরাসের কথাই বলেছেন।
১৩ই মার্চ মুক্তি পাচ্ছে ইরফান খান, রাধিকা মদন, করিনা কাপুর অভিনীত ‘আংরেজি মিডিয়াম’ ও ২৪শে মার্চ রোহিত শেঠির পরিচালিত ‘সূর্যবংশী’ মুক্তি পাচ্ছে যাতে রয়েছেন অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, অজয় দেবগন ও রণবীর সিং এর মত তারকারা। এখন দিল্লি সরকারের এই সিদ্ধান্তে ছবিগুলির ভবিষ্যত প্রশ্নচিহ্নের মুখে।





