‘দোষীদের নরক থেকে হলেও খুঁজে বের করব’, দিল্লি নিয়ে হুঙ্কার অমিত শাহ-র

“দিল্লিতে যারা অশান্তি লাগিয়ে ছিল তারা যতই লুকিয়ে থাকুক,আমরা তাদের নরকের ভিতর থেকেও খুঁজে বের করে আনব। আইনের সামনে তাদের হাজির করা হবেই।” বৃহস্পতিবার রাজ্যসভায় দিল্লির অশান্তি নিয়ে আলোচনা করতে গিয়ে এই হুমকিই দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

তিনি আরও জানিয়েছেন, দিল্লি পুলিশের ৪০টিরও বেশি দল শনাক্ত হওয়া অশান্তি সৃষ্টিকারীদের গ্রেপ্তার করার জন্য তদন্ত শুরু করেছে। এর জন্য ফেস আইডেন্টিফিকেশন পদ্ধতির সাহায্য নেওয়া হচ্ছে বলেও জানান। বিরোধীদের দাবি মেনে বৃহস্পতিবার রাজ্যসভায় দিল্লির অশান্তি নিয়ে আলোচনা চলছিল। সেই সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, “দেশের জনগণকে এই বিষয়ে আমরা আশ্বস্ত করতে চাই যে যারা অশান্তি সৃষ্টির জন্য উস্কে ছিল, তাদের ধর্ম বা দল দেখা হবে না। কোনও মতেই ছাড় পাবে না তারা। এই বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখছি আমরা। “দিল্লির এই অশান্তির জন্য বাইরে থেকে টাকা এসেছিল এমনও দাবি করেন তিনি। তার কথায়, “ইতিমধ্যেই দিল্লির অশান্তি যে পূর্বপরিকল্পিত ছিল তার প্রমাণ পেয়েছি আমরা। আর এই অশান্তির ছড়ানোর জন্য দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি বিদেশ থেকেও প্রচুর অর্থ সাহায্য এসেছে। আমি কোনও সংস্থার নাম নিতে চাই না। তবে গত ২৪ তারিখ, আমরা জানতে পেরেছি যে ওই টাকা ভারতের বিভিন্ন জায়গা ও বিদেশ থেকে আনার পর দিল্লিতে ছড়ানো হয়েছিল। এর ফলেই অশান্তি হয়। এই বিষয়ে তদন্তের জন্য দিল্লির উপ-রাজ্যপালকে দ্রুত একজন বিচারক নিয়োগ করার কথা বলা হয়েছে।”

এরপরই কারও নাম না করে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ‘দিল্লির মানুষ জানেন যে কংগ্রেসের আমলেই ৭৬ শতাংশ দাঙ্গা হয়েছিল। ১৯৬৭, ১৯৬৯, ১৯৭০, ১৯৭৯, ১৯৮০, ১৯৮৩ ও ১৯৮৫ সালে যখন দাঙ্গা হয়েছিল তখন বিজেপি ক্ষমতায় ছিল না। ১৯৮৯ সালে দিল্লিতে, ১৯৯০ সালে হায়দরাবাদে ও আলিগড়ে, ১৯৯২ সালে কানপুরে ও ভোপালে আর ১৯৯৩ সালে মুম্বই দাঙ্গার সময়েও আমরা ছিলাম না। শুধুমাত্র ২০০২ সালে গুজরাট দাঙ্গার সময়ই আমরা ক্ষমতায় ছিলাম। দাঙ্গার ফলে ৭৬ শতাংশ মৃত্যুর ঘটনা কংগ্রেসের আমলেই ঘটেছে।”

রাজ্যসভায় ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রার (NPR) প্রসঙ্গেও মুখ খোলেন অমিত শাহ। তিনি আশ্বস্ত করেন, “এনপিআর এর জন্য কাউকে কোনও কাগজপত্র জমা দিতে হবে না। পাশাপাশি এর মাধ্যমে কাউকে সন্দেহজনক বা ‘D(doubtful)’ ভোটারও ঘোষণা করা হবে না। আপনাদের কাছে যা তথ্য আছে তা দেবেন আর বাকি অংশ ফাঁকা রাখলেও হবে।”

RELATED Articles

Leave a Comment