নতুন করে কপালে ভাঁজ ফেলা দেশের করোনা পরিস্থিতি নিয়ে আজ দেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আজ ভার্চুয়াল বৈঠক সারছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক আয়োজিত হয়েছে।
এই বৈঠকে যোগ দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এখন তিনি বর্তমানে বাঁকুড়ার রয়েছেন। তাই বাঁকুড়া সার্কিট হাউস থেকে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে এই ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছেন তিনি। ভিডিয়ো কনফারেন্সিংয়ের জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে বাঁকুড়া সার্কিট হাউসে। এই ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যের তরফে উপস্থিত রয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও স্বাস্থ্য সচিব।
প্রধানমন্ত্রী দফতর সূত্রে জানানো হয়েছিল, দু দফায় মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম দফায় দেশের মধ্যে যে রাজ্যগুলিতে করোনা সংক্রমণের হার সবচেয়ে বেশি, তাদের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলবেন তিনি। খোঁজ নেবেন রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি সম্পর্কে। যে বৈঠকে ইতিমধ্যেই উপস্থিত আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় দফায় দেশের সামগ্রিক করোনা পরিস্থিতি ও ভ্যাকসিন বিতরণের প্রস্তুতি নিয়ে বৈঠক করবেন মোদী।
প্রধানমন্ত্রীর দ্বিতীয় দফার এই বৈঠকে উপস্থিত সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর এই বৈঠকে উপস্থিত আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষবর্ধন এবং নীতি আয়োগের চেয়ারম্যানও।
বর্তমানে দিল্লির করোনা পরিস্থিতি বেশি উদ্বেগজনক। তবে প্রধানমন্ত্রীকে নিশ্চিন্ত করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, “দিল্লিতে করোনা সংক্রমনের তৃতীয় ওয়েভ শুরু হওয়ার পরে গত ১০ই নভেম্বর সবথেকে বেশি ৮৬০০ দৈনিক সংক্রমণ চোখে পড়ে। কিন্তু এরপর থেকে আক্রান্তের সংখ্যা ও পজিটিভিটি রেটে একটি নিম্নমুখী গ্রাফ লক্ষ্য করা গেছে। আমরা আশা করছি এই ট্রেন্ড বজায় থাকবে”।
গত ২৪ ঘণ্টায় রাজধানীতে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৪৪৫৪। মৃত্যু হয়েছে ১২১৫ জনের।





