গোটা রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪.৬ লক্ষ অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দাবি করলেন, ” পশ্চিমবঙ্গের পরিস্থিতি একদম নিয়ন্ত্রণে আছে।”
আজ মঙ্গলবার ৮ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, নীতি আয়োগ এর সদস্য তথা কেন্দ্রের কোভিড টাস্কফোর্সের প্রধান বি কে পাল সহ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের অন্যান্য আধিকারিকরা। গুজরাট, দিল্লি, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, হরিয়ানা, রাজস্থান, ছত্তিশগড়, কেরালা, এই আট রাজ্যের করোনা পরিস্থিতি খারাপ বলে মনে করছে কেন্দ্র। এই করোনার সেকেন্ড ওয়েভ আটকানো এবং টীকা বণ্টনের বিষয়ে বিশদ আলোচনা করতে আজ এই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী।
সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি করেছেন যে বর্তমানে পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। যা শুনে রাজ্যের বিরোধী পক্ষ বলছেন যে মমতা প্রধানমন্ত্রীর কাছে মিথ্যা দাবি করেছেন।
তবে মমতা এটাও জানাচ্ছেন যে করোনা নিয়ে রাজ্যে এখনও সচেতনতার অভাব রয়েছে। উত্তর ২৪ পরগনার মানুষ মুখে মাস্ক পরলেও বাঁকুড়াতে কেউ কথা শুনছে না।
তবে মমতা কিন্তু করোনা প্রসঙ্গ বাদ দিয়ে জিএসটি বাবদ কেন্দ্রের কাছে রাজ্যে যে বকেয়া টাকা প্রাপ্য রয়েছে তা মিটিয়ে দেওয়ার জন্য সওয়াল করেছেন। বাকি রাজ্যরা অবশ্য করোনা নিয়েই চিন্তিত।
ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী জানা যাচ্ছে যে সোমবার কলকাতায় মোট করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়েছে এক লক্ষের গণ্ডি। বিগত ২৪ ঘন্টায় মৃত্যুর নিরিখে সবথেকে উপরে রয়েছে উত্তর ২৪ পরগনা(১৩) এবং কলকাতা(১০)।
ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দাবি করছেন যে পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তা সঠিক নয় বলে মনে করছেন বিরোধীরা।





