গঙ্গার জলে ফুলে উঠে ভাসছে কয়েকশো করোনা আক্রান্তের মৃতদেহ! উত্তরহীন প্রশাসন

করোনায় মৃত্যুর সংখ্যা এমন হারে বেড়েছে দেশজুড়ে যে আর তা দাহ করার মতো জায়গা পাওয়া যাচ্ছে না।‌‌‌‌ আর তাই সোজা ভাসিয়ে দেওয়া হচ্ছে  গঙ্গা-যমুনায়।

বর্তমান অবস্থার দিকে আঙুল তুলে এর‌কম‌ই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। গঙ্গার জলে ভাসছে কয়েকশো মৃতদেহ। পচে গিয়ে ফুলে ফেঁপে উঠেছে শরীরগুলো। দুর্গন্ধে টেকা দায় হয়ে উঠেছে স্থানীয়দের। তাঁরা বলছেন মৃতদেহগুলি করোনায় মৃতদের।

এমন ঘটনাই আজ প্রত্যক্ষ করেছে বিহারের বক্সার। সেখানকার গঙ্গার তীরেই ভেসে ওঠে মৃতদেহগুলো। এই বীভৎস দৃশ্য প্রকাশ্যে আসতেই আঁতকে উঠেছে মানুষ।  স্থানীয়দের আশঙ্কা, হয়ত করোনা আক্রান্তদের মৃতদেহগুলো সৎকার না করেই, গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়েছে l

এই ঘটনাই শুধু নয়, অন্যদিকে বিহার সীমান্তের চৌসা শহরে‌ও কয়েকশো লাশ নদীতে ভাসতে দেখা গিয়েছে।  কোথা থেকে এল এত রাশি রাশি মৃতদেহ? উত্তর নেই প্রশাসনের কাছেও। পচে গন্ধ বেরিয়ে যাওয়া মৃতদেহ ও সেই সঙ্গে করোনার ভয়ে নদীর জল ব্যবহারে আতঙ্ক দেখা গিয়েছে ওই এলাকায়।  গ্রামের বেশ কিছু মানুষকে ৫০০ টাকার বিনিময়ে পরিষ্কার করে সেই দেহ গুলি পুড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে প্রশাসন থেকে।

এদিন চৌসার মহাদেব ঘাট সংলগ্ন এলাকায় ভেসে ওঠে দেহগুলি।  চৌসার জেলা আধিকারিক অশোক কুমার জানিয়েছেন, “প্রায় ৪০-৪৫ টি লাশ ভাসতে দেখা গিয়েছে।” তিনি আরও বলেন, ”লাশগুলি নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে। সমস্ত যত এরকম লাশ দেখতে পাওয়া গিয়েছে তা সব মিলিয়ে প্রায় ১০০টির কাছে হতে পারে”।

তিনি আর‌ও জানিয়েছেন “প্রত্যেকটি দেহ ফুলে গিয়ে পচে গিয়েছে এবং আনুমানিক পাঁচ থেকে সাত দিন ধরে জলে রয়েছে বলে মনে হচ্ছে। উত্তর প্রদেশ থেকে ভেসে আসতে পারে ওই দেহগুলি।”

শুধু গঙ্গাই নয়, মৃতদেহ ভাসছে যমুনাতে‌ও। এদিন যমুনার জলেও ভাসতে দেখা যায় কয়েক ডজন লাশ! জানা গিয়েছে, রবিবার সকালে হামিরপুরের বিভিন্ন গ্রামের বাসিন্দারা যমুনার জলে একাধিক মৃতদেহ ভাসতে দেখেন। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

RELATED Articles