করোনা টিকাকরণে বিশ্বে এগিয়ে ভারত! ২৪ দিনে ৬০ লক্ষ প্রতিষেধক দানের দাবি স্বাস্থ্যমন্ত্রকের

১৬ই জানুয়ারি থেকে সারা দেশে করোনা টিকাকরণ শুরু হয়েছে। Covishield ও Covaxin- এই দুটি ভ্যাকসিনের আপতকালীন প্রয়োগে ছাড়পত্র দিয়েছিল DCGI. তার পর থেকেই দেশের বিভিন্ন রাজ্যে টিকাকরণ শুরু হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, সবার আগে চিকিত্সক, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী ও কোভিড যোদ্ধাদের টিকা দেওয়া হবে।

সেই মতোই চলছে টিকাকরণ। আর সেই টিকা দেওয়ার ব্যাপারেই এবার রেকর্ড গড়ল ভারত। মাত্র ২৪ দিনের মধ্যে ৬০ লক্ষ টিকা দেওয়া হয়েছে। এই এক‌ই কাজ করতে আমেরিকার ২৬ দিন ও ইংল্যান্ডের লেগেছে ৪৬ দিন।

আর এই দুই বড় দেশের মধ্যে ভারত‌ই সবচেয়ে দ্রুত এই লক্ষ্যে পৌঁছেছে। এমনটাই দাবি করে জানালো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। দেশে এখন‌ও মোট  ৬০ লক্ষ ৩৫ হাজার ৬৬০ করোনার টিকা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

তবে ভারতে টিকাকরণ শুরু হওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়ার কয়েকটি ঘটনা সামনে এসেছিল। সরকার অবশ্য জানিয়েছিল, মৃদু পার্শ্বপ্রতিক্রিয়া স্বাভাবিক। তা নিয়ে ভয় পাওয়ার মতো কিছু নেই।

প্রসঙ্গত উল্লেখ্য, টিকাকরণের তিন সপ্তাহ পর সারা দেশে ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে করোনা প্রতিষেধক দেওয়ার ফলে একটিও মৃত্যু হয়নি বলে দাবি করেছে স্বাস্থ্যমন্ত্রক। বহু স্বাস্থ্যকর্মী টিকা নিতে রাজি হচ্ছেন না বলেও খবর ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবার সরকার আসরে নেমেছে। জানিয়ে দেওয়া হয়েছে, যে ১৯ জনের মৃত্যুর কারণের সঙ্গে টিকাকরণের কোনও যোগ নেই।

RELATED Articles