একুশের নির্বাচন যে ধারে ভারে আগের সমস্ত নির্বাচনকে পেছনে ফেলবে তার ইঙ্গিত আগেই মিলেছিল। মালদহের পর আজ শক্তিপীঠ থেকে বিজেপির পরিবর্তন রথযাত্রার সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
একুশের ভোটে বিজেপির নিশানায় এবার তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের গড় বীরভূম। যিনি ইতিমধ্যেই বিজেপির রথযাত্রাকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। অনুব্রত মণ্ডল আগেই বলেছিলেন, খেলা তো হবেই, ভয়ঙ্কর খেলা হবে, খেলা সবে শুরু…। এর পাল্টা বিজেপির রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সহকারী পর্যবেক্ষক অরবিন্দ মেনন বলেন, খেলা হয়ে গেছে, ঘরে ঘরে পদ্ম ঢুকে গেছে… ।
এবার টার্গেট অনুব্রত মণ্ডলের খাসতালুক বীরভূম। আসন্ন বিধানসভা ভোটে লাল মাটির জেলা কব্জা করতে দলের সর্বভারতীয় সভাপতি, চার কেন্দ্রীয় মন্ত্রী ও প্রথম সারির রাজ্য নেতাদের বীরভূমে নামাচ্ছে বিজেপি।
সূত্রের খবর, গেরুয়া শিবিরের রথযাত্রা নিয়ে সংঘাতের রাস্তায় যাবে না তৃণমূল। বিজেপিকে গুরুত্ব দিতে চাননি অনুব্রত মণ্ডল। তাঁর মতে, বিজেপি ওসব করুক, রথ করুক, ঘোড়ার গাড়ি করুক, এসব পাত্তা দিই না।
প্রসঙ্গত উল্লেখ্য, কাল থেকে চার দিন বীরভূম জেলা জুড়ে ঘুরবে বিজেপির পরিবর্তন রথযাত্রার চাকা। উপস্থিত থাকার কথা রয়েছে বিজেপির তাবড় নেতাদের। জেপি নাড্ডা, রাজনাথ সিংহ থেকে যোগী আদিত্যনাথের মতো বড় মাথাদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায় বহিরাগত এই কেন্দ্রীয় বিজেপি নেতাদের উদ্দেশ্য করে জিজ্ঞাসা করেছিলেন বাংলা কতটুকু চেনেন? কেন্দ্রীয় বিজেপি নেতাদের তীব্র কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন, ভোট এসে গেছে। বাংলা প্রীতি দেখাচ্ছে। যেন বাংলাই টার্গেট। আমাকে একজন বলল, নানুরে নাকি যোগী আসছে। আমার প্রশ্ন যোগী কি নানুর চেনেন? যদিও কর্মসূচিকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব।
তাৎপর্যপূর্ণ ভাবে, মঙ্গল থেকে শুক্রবার, টানা চারদিন অনুব্রত মণ্ডলের গড়ে ঘুরবে বিজেপির রথ। এই উপলক্ষে রাজ্যে আসবেন একের পর এক বিজেপি নেতা। আজ তারাপীঠ থেকে রথযাত্রার উদ্বোধন করবেন জেপি নাড্ডা । এর পর দিন ময়ূরেশ্বরে রথযাত্রায় যোগ দেবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। বৃহস্পতিবার সিউড়িতে থাকবেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। আর শুক্রবার নানুরে রথযাত্রায় দেখা যাবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। প্রথম সারির বিজেপি নেতাদের পাশাপাশি দিলীপ ঘোষ, মুকুল রায়, শুভেন্দু অধিকারীর মতো বঙ্গ বিজেপির নেতারাও থাকবেন রথে। অরবিন্দ মেনন জানান, আমাদের আলাদা করে বীরভূম টার্গেট নয়, আমরা চেষ্টা করছি ২৯৪ কেন্দ্র ছুঁয়ে রথ নিয়ে যেতে, রথ সর্বত্র ঘুরবে ।





