করোনার দ্বিতীয় ঢেউতে নাজেহাল ভারতবর্ষ। লাগামছাড়া আক্রান্তের সংখ্যা। শ্মশানে আগুন নিভছে না চিতার।
রাজধানীজুড়ে তীব্র সঙ্কট অক্সিজেনের। এইরকম অবস্থায় করোনা প্রতিষেধক ও অক্সিজেনের ওপর থেকে আমদানি শুল্ক ও স্বাস্থ্য সেস প্রত্যাহার করল কেন্দ্রীয় সরকার।
আপাত প্রাপ্ত খবর অনুযায়ী, ৩ মাসের জন্য অক্সিজেন আমদানির উপরে শুল্ক দিতে হবে না। আজ অর্থাৎ শনিবার উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশের পর এই সিদ্ধান্ত।
আরও পড়ুন-করোনা পরিস্থিতি সামলাতে দেশের পাশে ইসরো! তুঙ্গে উন্নত মানের ভেন্টিলিটার তৈরীর কাজ
কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, অক্সিজেন উৎপাদনের যন্ত্রপাতির উপরেও লাগবে না আমদানি শুল্ক। এগুলি হল- জেনারেটর, স্টোরেজ ট্যাঙ্ক, ফিলিং পদ্ধতি ও কনসেনট্রেটর। আমদানি সংক্রান্ত সমস্যা নিরসনে নোডাল অফিসারও নিয়োগ করেছে কেন্দ্র। তারা জানিয়েছে, এই সিদ্ধান্তের জেরে অক্সিজেন আরও সহজলভ্য ও সস্তা হবে। ১লা মে থেকে গোটা দেশে ১৮ বছরের ঊর্ধ্বে ব্যক্তিরা করোনা প্রতিষেধক নিতে পারবেন। আর এবার সেই জন্য দরকার প্রচুর টিকা। ভারতের দুটি সংস্থার টিকা দিয়ে সেই চাহিদা মেটানো সম্ভব। বাইরে থেকে আমদানি করতে হবে। তা মাথায় রেখে কোভিড ভ্যাকসিনের উপরে আমদানি শুল্ক ছাড় দিয়েছে কেন্দ্র।
উচ্চ পর্যায়ের বৈঠকে এদিন তিনি বলেন,”অক্সিজেন ও মেডিক্যাল সামগ্রী জোগানে সকল মন্ত্রককে একসঙ্গে কাজ করতে হবে।”
তার পরই সরকারি বিবৃতি দিয়ে জানান হয়েছে,চাহিদা পূরণের জন্য অক্সিজেন এবং অক্সিজেন সংক্রান্ত যন্ত্রের আমদানি শুল্ক ও স্বাস্থ্য সেস ৩ মাসের জন্য প্রত্যাহার করা হল।





