দিনে যত খুশি চালান পাখা, এসি! কমছে দিনের বিদ্যুতের খরচ, কিন্তু রাতে তা বাড়ছে পাল্লা দিয়ে, নতুন নিয়ম আনছে কেন্দ্র

বিদ্যুতের বিল নিয়ে প্রায় সময়ই নানান অভিযোগ করেই থাকেন সাধারণ মানুষ। চড়চড়িয়ে বিল বেড়েই চলেছে, এমন অভিযোগ কম নয়। আর গরমকালে তো বিদ্যুতের বিল আকাশছোঁয়া। দেশবাসীকে এবার বিদ্যুতের বিলে খানিকটা স্বস্তি দিতে নতুন নিয়ম আনতে চলেছে কেন্দ্র সরকার। বিদ্যুতের শুল্ক নিয়ে পরিবর্তন আনছে মোদী সরকার।

এক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, বিদ্যুতের বিলের জন্য নতুন শুল্ক নিয়ম আনতে চলেছে কেন্দ্র সরকার। সেই নিয়মের জেরে দিনের বেলার বিদ্যুৎ বিলে ২০ শতাংশ শুল্ক কমানো হবে। কিন্তু অপরদিকে আবার রাতে পিক সময়ে বাড়ানো হবে ২০ শতাংশ শুল্ক। এর জেরে দিনের ও রাতে বিদ্যুৎ বিলে বেশ পার্থক্য দেখা যাবে।

এই প্রতিবেদন অনুযায়ী, গরমকালে এসির চাহিদা বেড়েছে। চলতি বছর অন্যান্য বছরের তুলনায় এসির চাহিদা অনেকটাই বেড়েছে। ২০২৭ সালের মধ্যে বিদ্যুতের চাহিদা দ্বিগুণ হয়ে যাবে বলে জানা যাচ্ছে। এসি ও শিল্পক্ষেত্রে দিনদিন বিদ্যুতের চাহিদা বাড়ছে। গরমকালে রাতে এসির চাহিদা বাড়ছে। সেই প্রবণতা কমানোর জন্য তাই নতুন এই নিয়ম লাগু করতে চলেছে কেন্দ্র সরকার।

গতকাল, শুক্রবার নয়া বিদ্যুৎ নীতি চূড়ান্ত করেছে কেন্দ্রীয় শক্তি মন্ত্রক। আগামী বছরের এপ্রিল থেকে বাণিজ্যিক এবং শিল্পের গ্রাহকদের জন্য চালু হতে চলেছে এই নতুন নীতি। ২০২৫ সালের মধ্যে দেশের অধিকাংশ গ্রাহকই এই নতুন নিয়মের আওতায় চলে আসবে বলে খবর।

জানা যাচ্ছে, দিনের বেলা ইউনিট পিছু বিদ্যুতের দাম হয়, তার তুলনায় ১০ থেকে ২০ শতাংশ কমবে। তবে রাতে সেই একই হারে বাড়বে বিদ্যুতের বিল।

RELATED Articles