বুধবার বিধ্বংসী আমফানের প্রবল তান্ডবে তছনছ হয়েছে প্রায় গোটা দক্ষিণবঙ্গ। সাইক্লোনের জেরে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ৭২জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচাবাড়ি, ঘর, কৃষির জমি, পুকুর, নদী বাঁধ সহ প্রায় সব ক্ষেত্রই। উপড়েছে কত বৈদ্যুতিক খুঁটি, টাওয়ার। বিচ্ছিন্ন হয়েছে কত এলাকা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের এক বিরাট অংশ। রাজ্যের এই বিপদের দিনে পাশে থাকার আশ্বাস দিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Have been seeing visuals from West Bengal on the devastation caused by Cyclone Amphan. In this challenging hour, the entire nation stands in solidarity with West Bengal. Praying for the well-being of the people of the state. Efforts are on to ensure normalcy.
— Narendra Modi (@narendramodi) May 21, 2020
প্রধানমন্ত্রী এদিন দুটি রাজ্য ওড়িশা এবং পশ্চিমবঙ্গের জন্য পৃথক পৃথক দুটি টুইট করেন। বাংলার ক্ষেত্রে প্রধানমন্ত্রী বলেন, যে তিনি আমফানের ধ্বংসলীলার ছবি দেখেছেন। এই সঙ্কটময় পরিস্থিতিতে, সারা দেশ বাংলার পাশে আছে বলে তিনি আশ্বাস দেন। মোদী বলেন তিনি রাজ্যবাসীর মঙ্গলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করছেন। দ্রুত যাতে পরিস্থিতিকে স্বাভাবিক করা যায় তারও চেষ্টা চলছে বলে তিনি জানান।
প্রধানমন্ত্রী বলেন যে জাতীয় বিপর্যয় ত্রাণ বাহিনীর লোকেরা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলিতে উদ্ধারের কাজে নেমে পড়েছেন। কেন্দ্রের শীর্ষ কর্তারা পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে একসাথে কাজ করছে। চেষ্টার ত্রুটি রাখা হবে না, বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্ত মানুষদের যথা সম্ভব সাহায্য করা হবে বলেও তিনি জানান।





