‘পরিযায়ীদের ফেরাতে অসহযোগী রাজ্য সরকার’, অভিযোগ রেলমন্ত্রীর

পরিযায়ী শ্রমিক হোক কিংবা হোক কোভিড পরীক্ষার সংখ্যা পশ্চিমবঙ্গের নাম শিরোনামে থাকবেই। এবার আবার রেলমন্ত্রকের তরফে রাজ্যের অসহযোগিতার অভিযোগ উঠল। পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতে চাইছেন কিন্তু তাতে সাহায্য করছে না কিছু কিছু রাজ্য। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও। বৃহস্পতিবার সরাসরি এই অভিযোগ করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি জানিয়েছেন, এ পর্যন্ত পশ্চিমবঙ্গে মাত্র ২৭টি শ্রমিক স্পেশ্যাল ট্রেন পৌঁছেছে। এখনো অনেক শ্রমিক ফিরতে বাকি।

দিনকতক আগেই মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিকদের রাজ্যে ফেরানোর জন্য ২৩০-এর বেশি বিশেষ ট্রেন চালানোর অনুরোধ করেছেন বলে জানিয়েছিলেন। সঙ্গে বলেছিলেন, ঘরের মানুষ যাতে দ্রুত ঘরে ফিরে আসতে পারেন তাই তিনি চান। তবে সে ক্ষেত্রে রাজ্যবাসীর সুরক্ষার সঙ্গে তিনি কোনোপ্রকার আপোস করতে নারাজ। অন্যদিকে রেলমন্ত্রী তথ্য তুলে এনে দাবি করেছেন, শ্রমিকদের ঘরে ফেরাতে মোটেও উদ্যোগী নন পশ্চিমবঙ্গ সরকার।

রেলমন্ত্রী বলেন, ‘কিছু রাজ্য পরিযায়ী শ্রমিকদের ফেরত নিতে সেই রাজ্যের সরকার সাহায্য করছে না। আমার মনে হয়, প্রায় ৪০ লক্ষ মানুষ এখনও পশ্চিমবঙ্গে ফিরতে চান। কিন্তু সবে মাত্র ২৭টি ট্রেনই ঢুকতে পেরেছে সেরাজ্যে।’

বলে রাখি, গত পরশু কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, এবার থেকে শ্রমিকদের জন্য বিশেষ ট্রেন চালাতে রাজ্য সরকারের অনুমতির প্রয়োজন নেই। তার পরও কেন রেলমন্ত্রী তথ্য তুলে ধরে অভিযোগ করছেন? কেনই বা ট্রেন না চলার দায়ভার রাজ্য সরকারের ওপর চাপাচ্ছেন, এমন নানা প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

RELATED Articles

Leave a Comment