গতকাল, ২২ জানুয়ারি সৃষ্টি হয়েছে এক ইতিহাসের। গোটা বিশ্ব সাক্ষী থেকেছে সেই ঐতিহাসিক মুহূর্তের। ৫০০ বছরের বনবাস কাটিয়ে অবশেষে নিজের জন্মভূমিতে ফিরেছেন প্রভু রাম। গতকাল, সোমবার অযোধ্যার রামমন্দিরে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে।
রামমন্দিরের উদ্বোধন নিয়ে উন্মাদনার অন্ত ছিল না ভক্তদের মধ্যে। রামলালাকে একবারের জন্য দর্শনের জন্য মুখিয়ে ছিলেন ভক্তরা। কিন্তু এর মাঝেই বন্ধ হয়ে গেল রামলালার দর্শন। অতিরিক্ত ভিড়ের চাপেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। বন্ধ হয়ে গিয়েছে গাড়ি চলাচলও।
কী ঘটেছে গোটা ঘটনাটি?
গতকাল রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর আজ, মঙ্গলবার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় রামমন্দিরের দ্বার। গতকাল প্রধানমন্ত্রী-সহ নানান বিশিষ্ট অতিথিরা চলে যাওয়ার পরই অযোধ্যার রাস্তায় ভক্তদের ঢল নামে। রামমন্দিরে জড়ো হতে থাকেন কাতারে কাতারে মানুষ।
জানা গিয়েছে, গতকাল রাত ৩টে থেকে রামমন্দিরের গেটের সামনে অপেক্ষা করছিলেন সাধারণ মানুষ। রামলালার দর্শন পেতে হাজার হাজার মানুষ ভিড় করেছেন। জানানো হয়েছিল, আজ, মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ১টা ও দুপুর ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মন্দির। জনস্রোত সামলাতে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে গোটা অয্যোধ্যায় নগরী জুড়ে।
এদিন ভোরে মন্দিরে আরতি হয়। পরিস্থিতি হাতের বাইরে যাতে না চলে যায়, সেই কারণে সকালে গাড়ি চলতে দিলেও পরে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। অযোধ্যার সব রাস্তাই প্রায় বন্ধ। রামলালার দর্শন পেতে অতিরিক্ত ভিড় হয়ে যায় দর্শনার্থীদের। অতিরিক্ত ভিড়ের চাপে সাধুসন্ত থেকে সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়েন। ভিড় সামাল দেওয়া মুশকিল হয়ে পড়ে পুলিশের পক্ষে। কোনও ধরণের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই কারণে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে রামলালার দর্শন। ফের কখন দর্শন শুরু হবে, তা এখনও জানা যায়নি।





