মাঘ মাসের শুরু থেকেই পড়েছে কনকনে ঠাণ্ডা। এমন ঠাণ্ডায় জবুথবু হয়ে যাচ্ছে রাজ্যবাসী। কুয়াশা, বৃষ্টি সব মিলিয়ে বেশ ভালোই নেমেছে তাপমাত্রা। কোনও কোনও জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে। সেই কারণে শীতের থেকে রক্ষা পেতে আগুন পোহাচ্ছেন অনেকেই। আর তাতেই বিপত্তি ঘটল।
কনকনে ঠাণ্ডা থেকে বাঁচতে ঘরে আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছিলেন বৃদ্ধা। সেটাই কাল হয়ে দাঁড়াল তাঁর। আগুন পোহাতে গিয়ে আগুনে পুড়েই ঝলসে গেলেন বৃদ্ধা। ঘরেও লেগে গেল আগুন। এমন ঘটনায় শোকস্তব্ধ বৃদ্ধার পরিবারের লোকজন।
কোথায় ঘটেছে এমন ঘটনা?
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের জোতকমল এলাকায় মঙ্গলবার ভোরে। সেখানকার বাসিন্দা এক ৭০ বছরের বৃদ্ধা। তীব্র শীতের হাত থেকে বাঁচতে নিজের ঘরে আগুন জ্বালিয়ে তাপ পোহাচ্ছিলেন তিনি। আচমকাই অসাবধানতায় ঘরে আগুন ধরে যায়।
এমন হওয়ায় দাউ দাউ করে আগুন জলতে থাকে ঘরের মধ্যে। স্থানীয়রা বুঝতে পেরে ছুটে আসেন। উদ্ধারের চেষ্টা করেন বৃদ্ধাকে। কিন্তু আগুন থেকে বের করতে পারেন নি তাঁকে। বাড়ির মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মৃ’ত্যু হয় বৃদ্ধার। বাড়িটিও পুরো পুড়ে গিয়েছে।

এমন আকস্মিক ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। এমন ঘটনায় আতঙ্ক বেড়েছে এলাকায়। প্রতি বছরই শীতের সময় প্রায় এমন ঘটনার খবর সামনে আসে।





