বায়োলজিক্যাল ই-এর করোনার টিকা কর্বোভ্যাক্সকে এবার পরবর্তী পর্যায়ের পরীক্ষার জন্য অনুমোদন দেওয়া হল ড্রাগ কন্ট্রোলার জেনেরেল অফ ইন্ডিয়ার তরফে। হায়দ্রাবাদের এই সংস্থার তৈরি টিকা এবার দেশে ২/৩ ট্রায়াল শুরু করতে পারবে বলে জানানো হয়েছে।
এর আগেই কেন্দ্রের তরফে দাবী করা হয়েছিল যে আগামী অক্টোবরের মধ্যেই বায়োলজিক্যাল ই-এর টিকা বাজারপ্রাপ্ত হবে। এই টিকার ট্রায়াল হবে এবার ৫ থেকে ১৮ বছরের শিশুদের উপর।
এর আগে এই টিকার প্রয়োগ করা হয়েছে প্রাপ্ত বয়স্কদের উপর। সেই পরীক্ষার ফল বেশ ভালো বলেই জানা গিয়েছে। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি বায়োলজিক্যাল ই-এর এই করোনার টিকা করোনার বিরুদ্ধে লড়তে ৯০ শতাংশ কার্যকরী, এমনটাই জানা গিয়েছে।
আরও পড়ুন- সংবাদমাধ্যমের একাংশের বিরুদ্ধে সাম্প্রদায়িকতা ছড়ানোর অভিযোগ, উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট
বায়োলজিক্যাল ই-এর এই টিকা আসলে এক ধরণের আরডিবি প্রোটিন সাব-ইউনিট টিকা। আগামী কয়েক মাসের মধ্যেই এই টিকা সাধারণ মানুষের নাগালে চলে আসবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইতিমধ্যেই করোনা টিকার জন্য গঠিত জাতীয় বিশেষজ্ঞ দল এই টিকা পরীক্ষা করেছে। ইতিমধ্যেই এই টিকার ৩০ কোটি ডোজ কেনার জন্য ভারতীয় সংস্থা বায়োলজিক্যাল ই-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে কেন্দ্র সরকার। ডিসেম্বরের মধ্যেই সেই টিকা সংশ্লিষ্ট সংস্থা প্রদান করতে পারবে বলে জানা গিয়েছে।
গতকালই নীতি আয়োগের সদস্য ভিকে পাল জানান যে অক্টোবরের মধ্যেই বায়োলজিক্যাল ই-এর টিকা বাজারে আসতে পারে। প্রাপ্ত বয়স্কদের উপর এই টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। পরীক্ষার ফল কী হয় তা খতিয়ে দেখার পরই জরুরী ভিত্তিতে এই টিকা প্রয়োগের অনুমোদন মিলবে।





