সংবাদমাধ্যমের একাংশের বিরুদ্ধে সাম্প্রদায়িকতা ছড়ানোর অভিযোগ, উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট

দেশের নানান সংবাদমাধ্যমে সাম্প্রদায়িক খবরের সংখ্যা ক্রমেই বাড়ছে। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। কোর্টের মতে, কিছু সংবাদমাধ্যম সবকিছুর মধ্যেই সাম্প্রদায়িকতা খুঁজে বেড়ায়। ফলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলেই মত শীর্ষ আদালতের।

উল্লেখ্য, তবলিঘি জামাতের জমায়েত থেকেই করোনা ছড়ানোর খবরের বিরোধিতা করে একটি মামলা করা হয় শীর্ষ আদালতে। সেই মামলার শুনানিতেই একথা জানানো হয়েছে আদালতের তরফে।

গত বছর করোনার প্রথম ঢেউয়ের প্রথম পর্যায়ে দিল্লতে তবলিঘি জামাতের একটি জমায়েত হয়। সেই জমায়েত থেকেই গোটা দেশে করোনা ছড়িয়ে পড়ে এমন অভিযোগ ওঠে। এই নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। এই ঘটনার প্রেক্ষিতেই একটি মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। সেখানেই প্রশ্ন ওঠে সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে। এই নিয়ে প্রধান বিচারপতি এনভি রামানা চরম অসন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুন- বোরখা পরতেও রাজী কিন্তু চাকরি করতে দিতে হবে, তালিবানি চোখ রাঙানিকে জবাব আফগান মহিলাদের

এই মামলার পর্যবেক্ষণ করে প্রধান বিচারপতি বলেন, “সবকিছুর মধ্যেই একটা সাম্প্রদায়িক সূত্র খুঁজে বের করা হয়। সংবাদমাধ্যমের একাংশ এই কাজ করছে। এটা খুবই খারাপ। ওয়েব পোর্টালগুলি শুধুমাত্র ক্ষমতাবানদের কথাই শোনে। কোনও ভিত্তি ছাড়াই যা খুশি লিখতে পারে তারা। ওয়েব পোর্টালগুলি শুধুমাত্র ক্ষমতাবানদের নিয়েই চিন্তিত থাকে। সাধারণ মানুষকে নিয়ে তাদের কোনও ভাবনা নেই। এটাই আমাদের অভিজ্ঞতা। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে”।

প্রসঙ্গত, গত বছর করোনা অতিমারির জন্য যেভাবে একটি বিশেষ সম্প্রদায়কে দায়ী করা হয়, এই নিতে নানান স্তরের মানুষই ক্ষোভ প্রকাশ করেছিলেন। সুপ্রিম কোর্টে এই নিয়ে রুজু হয় মামলা। এই মামলায় দোষী ঠাওরানো হয় সংবাদমাধ্যমের একাংশকেই। এমন খবর পরিবেশনার জন্য অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবীও তোলেন মামলাকারী।

RELATED Articles