অনুষ্ঠানে রামলীলা দেখানো হয়েছিল। এই অনুস্থানেই রামায়ণ নিয়ে ‘উপহাস’ করার অভিযোগ উঠেছিল। এবার তাই এই কারণে ক্ষমা চাইল দিল্লির এইমসের পড়ুয়া সংগঠন। আজ, রবিবার এই সংগঠনকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই-এর তরফে জানানো হয় যে কারোর ভাবাবেগে আঘাত করার উদ্দেশ্য ছিল না সংগঠনের। ভবিষ্যতে যাতে এরকম অনুষ্ঠান না হয়, সেই বিষয়েও নিশ্চিত করেছে সংগঠন।
দিল্লি এইমসের পড়ুয়াদের সংগঠনের ওই বিবৃতিতে বলা হয়েছে, “এইমসের কয়েকজন পড়ুয়ার রামলীলার অনুষ্ঠানের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পড়ুয়াদের তরফ থেকে আমরা ওই অনুষ্ঠানের জন্য আমরা ক্ষমা চাইছি। যে অনুষ্ঠানের মাধ্যমে কারও ভাবাবেগে আঘাত করার উদ্দেশ্য ছিল না। ভবিষ্যতে যাতে এরকম অনুষ্ঠান না হয়, তা নিশ্চিত করব আমরা”।
সম্প্রতি একটি ভিডিওতে (যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর ২৪৭) দেখা যায় আধুনিক লক্ষ্মণের (অনুষ্ঠানের চরিত্র) উদ্দেশ্যে ‘তু চিজ বড়ি হ্যায় মাস্ত মাস্ত’ গান গাইছে আধুনিক সূর্পণখা (অনুষ্ঠানের চরিত্র)। আধুনিক সূর্পণখার নাক কেটে দেওয়ার পর আধুনিক লক্ষ্মণ প্রশ্ন রাখে যে, “তুমি জানো, আমার ভাই কে”? এসব নানান সংলাপ শুনে হেসে ফেটে পড়ে দর্শক।
মুহূর্তে ভাইরাল হয়ে যায় এই ভিডিও। এই ভাইরাল ভিডিও দেখে বেজায় চটেছে নেটিজেনদের একাংশ। তাদের দাবী, এই অনুষ্ঠানে রামায়ণ নিয়ে ‘উপহাস’ করা হয়েছে। এই অনুষ্ঠানের আয়োজক ছিলেন প্রথম বর্ষের ছাত্র। স্পনসর ছিল একটি শিক্ষা সংক্রান্ত অ্যাপ।
এই সংস্থা আগেও একাধিক বিতর্কিত অনুষ্ঠানে স্পনসর করেছে। এই গোটা বিষয়টি নিয়ে রাজনীতিও শুরু হয়। বিজেপির মুখপাত্র সুরেশ নাখুয়া দাবী করেন যে এরকম কোনও ঘটনা ঘটা, এই প্রথমবার হয়নি। তাঁর অভিযোগ, ওই আয়োজক ছাত্র আগেও “হিন্দু দেব-দেবীদের নিয়ে উপহাস করেছেন”।





