গরু পাচার কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলেরও এবার ঠাঁই হতে চলেছে তিহাড় জেলেই। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের তরফে কেষ্ট-কন্যাকে ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এই জেলে আগে থেকেই রয়েছেন অনুব্রত মণ্ডল।
গত বুধবার সন্ধ্যের দিকে গরু পাচার মামলায় সুকন্যাকে গ্রেফতার করে ইডি। বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হয়। তিনদিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয় সুকন্যাকে। আজ, রবিবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে সুকন্যার মামলার শুনানি ছিল। এদিন ভার্চুয়াল শুনানিতে তাঁকে ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। ইডি এদিন সুকন্যাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়নি বলে জানা গিয়েছে।
ইডি হেফাজতে থাকার সময় ইডির নানান প্রশ্নের মুখে পড়েছেন কেষ্ট-কন্যা। তদন্তকারীদের প্রশ্নের মুখে ভেঙে পড়েছিলেন সুকন্যা। বলেছিলেন, “আমি কিছু করিনি। ব্যবসা সংক্রান্ত কোনও নথি দিতে পারব না”।
কেন্দ্রীয় তদন্তকারীদের কাছে সুকন্যা আর্জি জানিয়েছিলেন যাতে তাঁর বাবা অনুব্রত মণ্ডলের সঙ্গে তাঁকে কথা বলতে দেওয়া হয়। তিহাড় জেলে বাবার সঙ্গে দেখা করতেও চেয়েছিলেন সুকন্যা। এবার আদালতের নির্দেশে সেই তিহাড় জেলেই যাচ্ছেন তিনি। শেষমেশ দেখা কী হবে বাবা-মেয়ের?
এদিন আদালতে সুকন্যার আইনজীবী জামিনের আবেদন করেন নি। তিনি শুধু বলেন, জেলে বই নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক তাঁর মক্কেলকে। শুধু তাই নয়, বাবা অনুব্রত ও বান্ধবী সুতপা পালের সঙ্গে সুকন্যাকে অন্তত ১০ মিনিট কথা বলতে দেওয়ার আর্জিও জানান সুকন্যার আইনজীবী। এই বিষয়ে বিচারক জানান, এই ব্যাপারে জেল কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।






