‘বিভাজনের রাজনীতি করছে তৃণমূল, NRC নিয়ে ভয় দেখানো হচ্ছে মুসলিমদের’, সংখ্যালঘু তত্ত্বে ফের মমতাকে আক্রমণ শুভেন্দুর

সংখ্যালঘু তোষণ ও বিভাজন নিয়ে ফের কবার রাজ্য সরকারকে আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল, শনিবার রেড রোডে রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার সভা থেকে শুভেন্দু অভিযোগ করেন, রাজ্য সরকার তোষণের রাজনীতি করছে। এনআরসি নিয়ে ভয় দেখাচ্ছে মুসলিমদের। এর পাল্টা শুভেন্দুকে তোপ দাগেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

শনিবার বিজেপির সংখ্যালঘু মোর্চার সভা থেকে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শানান শুভেন্দু। বলেন, “বিভাজনের রাজনীতি তৈরি করছে তৃণমূল। তোষণের রাজনীতি চলছে। সংখ‌্যালঘুরা সরে যাচ্ছে তৃণমূলের দিক থেকে”।

এর পাল্টা শুভেন্দুকে তোপ দেগে কুণাল বলেন, “এসব অযৌক্তিক কথাবার্তা। সংখ‌্যালঘু-সংখ‌্যাগুরুরা সকলেই তৃণমূলের সঙ্গে আছেন। আর শুভেন্দুই তো একসময় তৃণমূলের মঞ্চ থেকে এই বিজেপির বিরুদ্ধে ভেদাভেদের অভিযোগ তুলেছিলেন। ওঁর কাজই হচ্ছে কুৎসা করা”।

মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি নিয়ে মুসলিমদের ভয় দেখাচ্ছেন বলে অভিযোগ করেন শুভেন্দু। তাঁর কথায়, “মমতা সংখ্যালঘুদের বোঝানোর চেষ্টা করছে যে বিজেপি এলে তারা নিরাপদ থাকবে না। আর সেই সঙ্গে এনআরসি চাষ করছে তৃণমূল কংগ্রেস। NRC নিয়ে মুসলিমদের ভয় দেখানো হচ্ছে”।

সেই অভিযোগের জবাব দিয়ে কুণাল বলেন, “এনআরসি-সিএএ একটা সামাজিক সমস‌্যা তৈরি করছে। এর প্রতিবাদ তো যে কোনও সুস্থ লোকই করবে। রুটি-কাপড়া-মাকানের লড়াই থেকে নজর ঘোরাতেই ধর্মীয় ভেদাভেদ করছে বিজেপি। ধর্মের ভেদাভেদ করে ঘৃণার ভাষণ দিচ্ছেন শুভেন্দু। ওকে গ্রেফতার করার সময় এসে গিয়েছে”।

এদিনের সভা থেকে তৃণমূলকে পরিবারতন্ত্র নিয়ে নিশানা করেন শুভেন্দু। তাঁর সেই কটাক্ষের পাল্টা দেন কুণালও। তিনি বলেন, “শুভেন্দু অধিকারী বলছে পরিবারবাদের কথা। অধিকারী প্রাইভেট লিমিটেডে শিশির-শুভেন্দু-দিব্যেন্দু-সৌমেন্দু অধিকারীরা দিনের পর দিন তৃণমূলের দয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহে সাংসদ-বিধায়ক-কেন্দ্রীয় মন্ত্রী-রাজ্যের মন্ত্রী হয়েছেন। বিভিন্ন বোর্ড, পর্ষদ, কর্পোরেশন, এগুলির চেয়ারম‌্যান ও পুরসভার পদে থেকেছেন। অধিকারী প্রাইভেট লিমিটেড গোটা মেদিনীপুরে অন‌্য কাউকে উঠতে দেয়নি। তাঁর মুখে পরিবারবাদ। লজ্জা করছে না শুভেন্দুর। ওঁর মুখে পরিবারবাদের কথা শুনে তৃণমূল তো ছেড়ে দিন, বিজেপির লোকেরাও হাসবে”।

RELATED Articles