২০০২ সালে ডেরা সাচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিং-কে আজীবন কারাদণ্ডের শাস্তি দিল পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত।
গত ৮ই অক্টোবর ডেরা সাচ্চা সৌদার প্রধান রাম রহিম-সহ আরও চারজনকে দোষী সাব্যস্ত করা হয়। ২০০২ সালে রাম রহিমের তৎকালীন আপ্ত সহায়ক রঞ্জিত সিং ও এক সাংবাদিককে হত্যা করার দায়ে এই সাজা শোনানো হয়েছে। এরই সঙ্গে আর্থিক জরিমানাও করা হয়েছে রাম রহিমকে। আদালতের তরফে জানানো হয়েছে যে বেশ পরিকল্পনা করেই রঞ্জিত সিং-কে হত্যা করেন রাম রহিম। রোহতাক জেলে তিনি ক্ষমা প্রার্থনা করলেও তা গৃহীত হয় নি। সাধারণ একজন মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করেছে সে।
গুরমিত রাম রহিম সিং, জাসবীর সিং, সাবদিল সিং, কৃষ্ণ লাল এবং ইন্দ্র সাইকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ (হত্যা) এবং ১২০ বি (ফৌজদারি ষড়যন্ত্র) ধারায় রঞ্জিত সিংহ হত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। জসবীর সিং, কৃষ্ণ লাল এবং ইন্দর সাইকে অস্ত্র আইনেও দোষী সাব্যস্ত করা হয়েছে।
সিবিআই চার্জশিট অনুযায়ী, ডেরা প্রধানের ক্যাম্পের মধ্যে নারী শিষ্যাদের যৌন হেনস্থার অভিযোগ তুলে একটি বেনামি চিঠি প্রচার করার জন্য শিষ্য রঞ্জিত সিং-কে সন্দেহ করেন গুরমিত রাম রহিম সিং। হত্যা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে থানেসার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। ২০০৩ সালে হাইকোর্ট নির্দেশ দেয় যাতে সিবিআই এই ঘটনার তদন্ত করে। এরপর ২০০৭ সালে ডেরা প্রধানের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় সিবিআই।
রাম রহিমের সাজা শোনানোর আগে হরিয়ানার পঞ্চকুলা জেলায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই নিয়ে দ্বিতীয় মামলায় তাকে আজীবন কারাদণ্ডের শাস্তি দেওয়া হল। ২০১৭ সালে, গুরমিত রাম রহিম সিং-কে দুই শিষ্যাকে ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এরপর বছর দুই আগে, সাংবাদিক রাম চন্দ্র ছত্রপতি হত্যার কারণে দলের প্রধানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।





