বেশ কিছুদিন আগে জনপ্রিয় ইউটিউবার ও পেশায় পাইলট ফ্লায়িং বিস্ট অর্থাৎ গৌরব তানেজাকে বরখাস্ত করেছিল এয়ার এশিয়া। কারণ হিসাবে গৌরব জানিয়েছিলেন যে তিনি একজন পাইলট হিসাবে এয়ার এশিয়ার বিমানে যাত্রীদের সুরক্ষার জন্য যে বিভিন্ন অব্যবস্থা রয়েছে সেই নিয়ে অভিযোগ জানিয়েছিলেন উর্দ্ধতন কর্তৃপক্ষকে। এমনকি তাঁকে জ্বালানি বাঁচানোর জন্য অসুরক্ষিত ভাবে বিমান ল্যান্ডিং করার নির্দেশও দেওয়া হয়।গৌরবের দাবি ছিল যে, এয়ার এশিয়া তাঁর অভিযোগ কানে তো তোলেইনি, উপরন্তু তাঁকে বরখাস্ত করার চিঠি ধরিয়েছে।
এবার এই এয়ার এশিয়ার দুই পদস্থ কর্তাকে বরখাস্তের চিঠি ধরাল ডিরেক্টোরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন তথা ডিজিসিএ। কারণ হিসাবে যাত্রীদের সুরক্ষার অভাবকেই জানানো হয়েছে ডিজিসিএর তরফ থেকে।
ডিজিসিএর নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন, এয়ার এশিয়া ইন্ডিয়ার হেড অফ অপারেশন মণীশ উপ্পল এবং হেড অফ সেফটি মুকেশ নেমাকে তিন মাসের জন্য বরখাস্ত করা হয়েছে।
এর আগে গত ১৫ই জুন ডিজিসিএ গৌরব তানেজার বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল। কারণ এয়ার এশিয়া গৌরবের বিরুদ্ধে তখন অভিযোগ জানিয়েছিল। যদিও সেই তদন্তে এখনও গৌরবকে দোষী বলে ঘোষণা করা হয়নি।
এদিকে টাটা সন্স এবং মালয়েশিয়ার এয়ার এশিয়া বারহাডের জয়েন্ট ভেঞ্চার এয়ার এশিয়া ইন্ডিয়ার বিরুদ্ধে তানেজা আগেই অভিযোগ করেছিলেন। যদিও তখন গৌরব তানেজাকে এয়ার এশিয়া থেকে বরখাস্তের কারণ দেখানো হয়েছিল যে তিনি কিছু নিয়মকানুন মানেননি তাই তাকে বরখাস্ত করা হয়েছে এয়ার এশিয়ার তরফ থেকে। যদিও তানেজার দাবি সম্পূর্ণ অন্য।
গত মঙ্গলবার এয়ার এশিয়া ইন্ডিয়ার মুখপাত্র জানান যে তারা ডিজিসিএর নির্দেশিকা হাতে পেয়েছেন। যেহেতু এই সংস্থা যাত্রীদের সুরক্ষার কথা সব সময় মাথায় রাখে তাই ডিজিসিএর এই নির্দেশিকা মেনে তারা পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানানো হয়েছে তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে।
গৌরব তানেজার ভক্তরা অবশ্য এই খবর পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন। তাদের দাবি গৌরবের অবশ্যই ক্ষতি করার চেষ্টা করেছিল এয়ার এশিয়া। অন্যায়ভাবে সেই কাজ করতে গিয়ে আজ এই বিমান সংস্থা কে ফল ভুগতে হচ্ছে।






