স্বাধীনতা দিবসেও শাসক পক্ষ বনাম বিরোধী শিবির লড়াই লেগেই থাকল। যার জেরে খুন হতে হলো বিজেপি শিবিরের এক বুথকর্মীকে।
জানা গিয়েছে যে আজ সকাল সাড়ে ন’টা নাগাদ খানাকুলের দৌলতচকে পাশাপাশি পতাকা উত্তোলন করেছিলেন দুই দলের কর্মী সমর্থকরা। হঠাৎ করেই তাদের মধ্যে বচসা শুরু হয়। ধীরে ধীরে যা হাতাহাতিতে পরিণত হয়। এরপর হঠাৎ বোমাবাজি শুরু হয় ওই এলাকায়। এর মধ্যেই ওই বুথ কর্মী সুদর্শন প্রামাণিককে রাস্তায় পড়ে থাকতে দেখেন বিজেপি কর্মীরা। তাঁর গায়ে আঘাতের চিহ্ন ছিল বলে দাবি করেছেন বিজেপি কর্মীরা। গুরুতর জখম সুদর্শনকে স্থানীয় নতিবপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
বিজেপি শিবিরের অভিযোগ ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে বিজেপির এই বুথ কর্মীকে।
https://twitter.com/BJP4Bengal/status/1294519289395855360
এই ঘটনার পরে ওই এলাকায় ছড়িয়ে পড়েছে প্রবল উত্তেজনা। বিজেপি কর্মী সমর্থকরা এলাকায় তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। তাদের অভিযোগ তৃণমূল খুন করেছে সুদর্শনকে। পশ্চিমবঙ্গ বিজেপি–র টুইটার হ্যান্ডেল থেকে এ ঘটনার নিন্দা করে টুইটও করা হয়েছে।
গোটা ঘটনার তদন্তে নেমেছে খানাকুল থানার পুলিশ। এলাকায় এখন যথেষ্ট উত্তেজনা বজায় রয়েছে। গোটা এলাকায় বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।





