লকডাউনের ২ মাস পর শুরু ঘরোয়া বিমান পরিষেবা, বাদ রইল পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও অন্ধ্রপ্রদেশ

গত ২৫শে মার্চ থেকে করোনা রুখতে দেশ জুড়ে লাগু হয় লকডাউন। আর তার জেরেই দেশব্যাপী গনপরিবহনকে একপ্রকার স্থগিত করে দেওয়া হয়। আজ লকডাউনের দু’মাস পূর্ণ হল। আর অন্যদিকে আজ থেকেই চালু হল ঘরোয়া বিমান পরিষেবা। একগুচ্ছ নতুন নিয়ম নিয়ে আজ ২৫শে মে থেকেই পুনরায় চালু হল পরিষেবা। তবে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে আজ পরিষেবা চালু হচ্ছে না।

গতকাল সব বিমানসংস্থা ও রাজ্যদের নিয়ে বৈঠকে বসেন অসামরিক বিমান পরিবহণমন্ত্রী হরদীপ পুরী। তারপরে তিনি টুইটে লেখেন, ‘অনেক আলোচনার পর অবশেষে বিমান চালু করতে রাজি হয়েছে রাজ্যগুলি। সোমবার থেকে উড়বে বিমান।’ বিমান পরিষেবা চালু নিয়ে মূলত আপত্তি জানিয়েছিল করোনা জর্জরিত মহারাষ্ট্র, আমফান বিধ্বস্ত বাংলা এবং অন্ধ্র। অনেক বোঝানোর পর ২৫ জোড়া বিমান মুম্বই থেকে চলাচল করতে দিতে রাজি হয়েছে মহারাষ্ট্র সরকার। এবং অন্ধ্র আগামিকাল থেকে শুরু করবে বিমান পরিষেবা।

অন্যদিকে আমফানের জেরে বিপর্যস্ত পশ্চিমবঙ্গ ২৮ তারিখ থেকে বিমান চালু করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যে কলকাতা ও বাগডোগরা থেকে পরিষেবা চালু হবে। ত্রিপুরা জানিয়েছে যেহেতু তাদের সব বিমানই কলকাতার সঙ্গে যুক্ত, তাই সেখানে পরিষেবা না শুরু হলে তারাও পরিষেবা দিতে অক্ষম।

কেন্দ্র সব বিমান পরিষেবার ক্ষেত্রে একই কোয়ারেন্টাইন নীতি রাখলেও বিভিন্ন রাজ্য তাদের নিজস্ব কিছু নীতি প্রণয়ন করেছে, যার জেরে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি। যেমন কর্নাটকে গেলেই আপনাকে ১৪দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। আবার তেমন কোনও নিয়মই নেই দিল্লিতে। আজ রাজধানী দিল্লিতে সকাল ৪.৪৫-এ পুনের উদ্দেশে যাত্রা করে প্রথম বিমান পরিষেবা পুনরায় শুরু হয়।

আরও অন্যান্য খবর