আমজনতার পর এবার চীন বিরোধী আওয়াজ পশ্চিমবঙ্গের মুখ‍্যমন্ত্রীর গলাতেও। রেল-টেলিকম-বিমান ক্ষেত্রে বন্ধ হোক চীনা বিনিয়োগ! কেন্দ্রকে আর্জি তাঁর।

আজ শুক্রবার প্রধানমন্ত্রী ভারত-চীন ইস‍্যুতে ডাক দিয়েছিলেন সর্বদলীয় বৈঠকের। আর লাদাখ নিয়ে বৈঠকে কেন্দ্রীয় সরকারের পাশেই দাঁড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী মোদী ও কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়ে এই দিনের বৈঠকে তিনি বলেন, ‘চীনে একনায়কতন্ত্র চলে, কিন্তু আমাদের দেশে গণতন্ত্র চলে। ওঁরা যা ইচ্ছেই করতে পারে। কিন্তু আমরা তা পারি না। আমরা সকলেই এই সময়ে একসঙ্গে রয়েছি। আমরা একসঙ্গে এই বিষয়ে এগোব। কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে তাতেই আমাদের সমর্থন রয়েছে।’

পাশাপাশি, আমজনতার দাবিকে জোরালো করে এইদিন স্পষ্টই প্রধানমন্ত্রীকে আর্জি জানান, রেল, টেলিকম ও উড়ান ক্ষেত্রে চীনা সংস্থার প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হোক। তাতে প্রথম প্রথম কিছুটা সমস্যা হলেও পরে আমরা নিজেরাই আত্মনির্ভর হয়ে যাব। তাহলেই এই ঘটনার উচিত শিক্ষা দেওয়া যাবে। রাজ্যের মুখ্যমন্ত্রী এদিন প্রধানমন্ত্রীকে স্পষ্টই জানান, চীনকে নিয়ে যা ঘটনা ঘটেছে, তাতে তৃণমূল কংগ্রেস সরকারের পিছনে, সেনাবাহিনীর পাশে রয়েছে। সরকার যা সিদ্ধান্ত নেবে সেটাই সমর্থনযোগ্য।

উল্লেখ্য, এদিনের এই বৈঠকে তৃণমূল কংগ্রেস ছাড়াও শিবসেনা, কংগ্রেস, সিপিএম, জেডিইউ, এনসিপি, এলজেপি, বিজেপি, সপা, টিআরএস, বসপা-সহ দেশের ২০ টি প্রথম সারির দলের প্রধানরা উপস্থিত ছিলেন। মোটের উপর সকলেই এই ঘটনা নিয়ে কেন্দ্রকে সমর্থন করে পাশে থাকার বার্তা দিয়েছে।

RELATED Articles

Leave a Comment