বড় দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেলেন এক গাড়ির চালক। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ওভারব্রিজের রেলিং ভেঙে রেল লাইনের তার ছিঁড়ে লাইনের ওপর পড়ল একটি গমবোঝাই লরি। ওই সময় লাইনে কোনো ট্রেন না থাকায় মারাত্মক দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে ওই ট্রাক, মনে করছেন স্থানীয়রা। পরে গাড়ির মালিক জানান, ওই সময় ব্রেক ফেল করা গাড়িটি মেরামতে নিয়ে যাচ্ছিলেন খালাসি।
শুক্রবার খড়গপুরের কাছে গোকুলপুরে ৬ নম্বর জাতীয় সড়কের ওপর রেল ওভারব্রিজ দিয়ে রামনগরের দিক থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিল লরিটি। চালকের বক্তব্য, মেদিনীপুরের এফসিআই-এর গুদাম থেকে গম নিয়ে রামনগর পথে যাচ্ছিলেন তিনি। কিন্তু উলটো রাস্তায় কেন? প্রশ্নের উত্তরে চালক বলেন, লরির ব্রেক কাজ না করায় উলটো রাস্তায় লরিটি সারাতে যাচ্ছিলেন তিনি।
পরে যদিও লরির মালিক স্বীকার করেন, যিনি লরিটি চালাচ্ছিলেন তিনি আসলে লরির খালাসি ছিলেন। চালক আগেই গাড়িটি মেরামতের জন্য খালাসিকে পাঠিয়ে দিয়েছিলেন।
এদিন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। এরপর ক্রেন দিয়ে টেনে তোলা হয় ওই লরিটিকে। তার ছিঁড়ে এমনভাবে লরিটি নীচে পড়েছিল তাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর মতো দুর্ঘটনা ঘটতে পারত বলে মনে করছেন রেল আধিকারিকরা। তবে লরির খালাসি এ যাত্রায় বেঁচে গেছেন।





