কৃষি বিল পাশ করা নিয়ে বিক্ষোভ রাজ্যসভায়, বরখাস্ত হলেন দুই তৃণমূল সাংসদ-সহ মোট ৮ জন

কঠোর কোনও ব্যবস্থা গ্রহন করা হবে তা নিশ্চিতই ছিল, সেইমতোই রাজ্যসভাতে অস্বস্তিকর পরিস্থিতি তৈরির জন্য তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন সহ আরও ৭ জনকে এক সপ্তাহের জন্য বরখাস্ত করা হল।

রবিবার রাজ্যসভায় কৃষি বিল পাশের সময় শুরু হয় গণ্ডগোল। এই পরিস্থতির মধ্যেই সরকার দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ করে। এর পরই রাজ্যসভায় বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি-সহ আরও কয়েকটি বিরোধী দল। এমনকি, ‘কালা কানুন ওয়াপস লো’ বলে স্লোগানও দিতে থাকেন তারা। ফলে বন্ধ হয়ে যায় রাজ্যসভার কাজ। এরপর রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু ডেরেককে রাজ্যসভা ছেড়ে চলে যেতে বললেও সেই নির্দেশ অবমাননা করেন তিনি। তাদের এই আচরণের জন্য অভিযোগ জানান বিজেপি সাংসদরা।

এই পরিস্থতিতে সোমবার এক সপ্তাহের জন্য বরখাস্ত করা হয় ডেরেককে এবং এই তালিকায় রয়েছেন নাজির হুসেন, দোলা সেন, সঞ্জয় সিং, রাজীব সাতভ, কে কে রাগেশ, রিপুন বেরা, এবং এ করিমও।

এই ঘটনার তীব্র নিন্দা করে নাইডু জানান, “এখনও অবধি এটি রাজ্যসভার সবচেয়ে খারাপ দিন। কিছু সংসদ স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে মারেন, মাইক ভেঙে ফেলা হয়। রুল বই ছিঁড়ে দেন। এই ঘটনায় আমি গভীরভাবে দুঃখিত”।

প্রসঙ্গত, কিছু সংসদ ডেপুটি স্পিকারের সামনে গিয়ে বিলের প্রতিলিপি ছিঁড়ে ফেলে, এমনকি, ডেপুটি চেয়ারম্যানকে শারীরিক নির্যাতনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। তাকে আপত্তিকর মন্তব্যও করা হয়। এইসবের ভিডিও রেকর্ডিং সংসদীয় বিষয়ক মন্ত্রকের কাছে রয়েছে বলে জানা গিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও রবিবারে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে এই ঘটনার তীব্র নিন্দা করেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর