এবার পূর্ব মেদিনীপুর। ফের বিজেপি (BJP) কর্মী খুনের অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের বকচা গ্রাম পঞ্চায়েতের। শনিবার রাতে দীপক মন্ডল (Dipak Mandal) নামে ওই বিজেপি কর্মীকে বোমা মেরে খুন করা হয় বলে অভিযোগ। তাঁকে গভীর রাতে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তার পরিবার থেকে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের সবংয়ে (Sabang) দীপকবাবু একটি অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন। ফেরার সময় তাঁকে পথ আটকে ধরে তৃণমূল দুষ্কৃতীরা। তাঁকে প্রথমে মারধর করা হয় তারপর দুষ্কৃতীরা তাঁর দিকে বোমা ছোড়ে। বোমার আঘাতে দীপকবাবুর দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। এরপর অনেকক্ষণ খোঁজ না পাওয়ায় পরিজনরা খুঁজতে বেরোন দীপক বাবুকে। এরপর মাঠের মাঝে রাস্তায় তাঁর দেহ পাওয়া যায়।
গোটা ঘটনার জন্য তৃণমুলকেই দায়ী করছে বিজেপি। ব্যক্তি হত্যার মাধ্যমে এলাকায় ত্রাস সৃষ্টি করছে তৃণমূল।বিজেপির উত্থানে ভয় পেয়ে গিয়ে দলের নিরীহ কর্মীদের মেরে দিচ্ছে শাসকদল এমনটাই দাবি গেরুয়া শিবিরের।
যদিও তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত মালাকার বিজেপির এই অভিযোগ নস্যাৎ করে দিয়ে বলেছেন, ময়না বরাবরই উপদ্রুত এলাকা। তৃণমূলের কর্মীরা সেখানে ঘরছাড়া। বিজেপির কর্মীদের নিজেদের মধ্যে গন্ডগোল এর জেরেই এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে তৃণমূলের কোন যোগ নেই।






