মহারাষ্ট্রে বেশ বিপদের মুখে পড়েছে মহা বিকাশ আগাড়ি। শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে গতকালই তাঁর অনুগামী কিছু বিধায়কদের নিয়ে সুরাটের এক হোটেলে উঠেছিলেন। এবার সেখান থেকে তারা গেলে অসমের গুয়াহাটিতে। বিমানবন্দরে তাদের স্বাগত জানান বিজেপি নেতারা।
এর জেরে একনাথ শিন্ডে ও তাঁর অনুগামী বিধায়কদের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা যেন আরও বেশি প্রবল হয়ে উঠেছে। কিন্তু এদিকে শিন্ডের মুখে শোনা গেল অন্য কথা। তাঁর অনুগামীরা এই বিষয়ে কোনও মন্তব্য না করলেও, শিন্ডে কিন্তু সংবাদমাধ্যমে দাবী করেছেন যে তিনি শিবসেনা ছাড়ছেন না।
শিন্ডের কথায়, “আমরা বালাসাহেব ঠাকরের শিব সেনা ত্যাগ করিনি। করবও না। সব মিলিয়ে ৪০ জন শিব সেনা বিধায়ক রয়েছেন এখানে। আমরা বালাসাহেবের হিন্দুত্বের পথ অনুসরণ করে সেটাকেই এগিয়ে নিয়ে যাব”। কিন্তু এবার প্রশ্ন উঠেছে যে তাহলে কেন মহারাষ্ট্র ছেড়ে বিজেপি শাসিত রাজ্য অসমে কেন গেলেন তারা? এই প্রসঙ্গে শিণ্ডের দাবী, এটা নেহাতই বেড়াতে আসা, আর অন্য কিচ্ছু নয়।
তবে শিন্ডে মুখে যাই বলুন না কেন, গুয়াহাটি বিমানবন্দরে উপস্থিত দুই বিজেপি নেতার সঙ্গে তাঁর ও তাঁর অনুগামীদের করমর্দন ও কথোপকথন কিন্তু অন্য কিছুই ইঙ্গিত করছে বলে দাবী ওয়াকিবহাল মহলের। আদতে শিন্ডে কী করতে চাইছেন,। তা এখন শুধু সময়ের অপেক্ষা।
এই আবহে এদিকে আজ, বুধবার দুপুর ১টার সময় আবার একটি বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এই বৈঠকে রাজ্যের মন্ত্রিসভার সমস্ত সদস্যকে উপস্থিত থাকতে বলা হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই যে এই বৈঠক, তা তো বলাই বাহুল্য।
উল্লেখ্য, গত সোমবার মহারাষ্ট্র বিধান পরিষদের ফল প্রকাশিত হওয়ার পরই এক অদ্ভুত ঘটনা ঘটে। মহারাষ্ট্রের নগরোয়ন্ন মন্ত্রী একনাথ শিণ্ডে তাঁর অনুগামী বেশ কিছু বিধায়ককে সঙ্গে নিয়ে সুরাটের একটি হোটেলে ওঠেন। সূত্রের খবর অনুযায়ী দলে তাঁর গুরুত্ব কমে যাওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই অসন্তুষ্ট ছিলেন শিন্ডে। অন্যদিকে, দলে সঞ্জয় রাউতের গুরুত্ব বাড়াটাও তাঁর রাগের কারণ বলে জানা যায়। এখন দেখার পালা যে শিন্ডের পরবর্তী পদক্ষেপ ঠিক কী হয়!





