‘ভারত চীনের সাথে যোগাযোগ রাখছে’, আমেরিকার মধ্যস্ততার প্রস্তাবে ভারতের উত্তর

ভারত ও চীনের মধ্যে সীমান্ত রেখা নিয়ে যে উত্তেজনামূলক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা যাতে যুদ্ধের পর্যায়ে পরিণত না হয়ে যায় তা আটকাতে দুই দেশের মধ্যে মধ্যস্থকারী হওয়ার সিদ্ধান্ত নেয় আমেরিকা। আমেরিকার মধ্যস্থতার প্রস্তাবের এবার উত্তর দিল ভারত।

ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবের সরাসরি কোনো প্রতিক্রিয়া না দিয়ে নয়াদিল্লি জানায়, চীনের সাথে যোগাযোগ রাখা হচ্ছে।সীমান্তের খবরও নেওয়া চলছে। মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাব সম্পর্কে অনলাইনে সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হলে বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, শান্তিপূর্ণ উপায়ে চীনের সাথে সমস্যাটা মিটিয়ে নেওয়ার জন্যই আমরা চীনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। চীনও গতকাল জানায়, সীমান্তের পরিস্থিতি আপাতত স্বাভাবিক এবং স্থিত।

সাম্প্রতিক অতীতে ডোকালামে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে মুখোমুখি সংঘাতের আবহ চলেছিল ৭০ দিনের ওপর। দ্বিপাক্ষিক সম্পর্কের জেরে উত্তেজনার পারদ কয়েক গুণ বেড়েছিল। শেষ পর্যন্ত যদিও শান্তিপূর্ণভাবে সমঝোতার রাস্তাতেই হেঁটেছিল দুই দেশ। তারপর ডোকালাম থেকে সেনা সরিয়ে নেওয়া হয়। এরপর মুখোমুখি বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে। তাঁদের দুজনেরই কণ্ঠে বিরোধ মিটিয়ে নেওয়ার কথাই শোনা গেছিল। যদিও এবার লাদাখে ভারত ও চীনের সেনাবাহিনীদের মধ্যে সংঘাতের খবর নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। কিছুদিন আগে অরুণাচল প্রদেশে হাতাহাতির জেরে জখম হন দু পক্ষেরই বেশ কিছু জওয়ান।

তাই চলতে থাকা পরিস্থিতিতে গতকাল মার্কিন প্রেসিডেন্ট ট্যুইট করে ভারত, চীনের সীমান্ত বিরোধ মেটাতে চান। তিনি লেখেন, ‘ভারত ও চীন-উভয়কেই আমরা জানিয়েছি, দুই দেশের মধ্যে চলতি সমস্যার মধ্যে আমেরিকা মধ্যস্থতার জন্য প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম, ধন্যবাদ’। অতীতে অবশ্য কাশ্মীর ইস্যুতে ভারত, পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। পাকিস্তান সেই প্রস্তাবকে স্বাগত জানালেও ভারত তাকে মান্যতা দেয়নি।

RELATED Articles

Leave a Comment