নিম্নচাপের প্রভাবে পূর্বাভাসের আগেই পৌঁছাতে পারে বর্ষা : মৌসম ভবন

সাধারণত প্রতিবছর ৮ই জুন বর্ষা ঢোকে ভারতে। এবার পূর্বাভাসের আগেই আগামী ১ জুনের আশপাশে কেরালা উপকূলে পৌঁছাতে পারে বর্ষা। এমনটাই জানাল ভারতীয় মৌসম ভবন।

মৌসম ভবন জানিয়েছে, আগামী ৩১ মে থেকে ৪ জুনের মধ্যে ভারতীয় উপকূলের কাছে আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যা দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর পথ প্রশস্ত করবে। তাতে ভর করেই বর্ষা কেরালায় আসবে।

বৃহস্পতিবার পশ্চিম-মধ্য এবং দক্ষিণ-পশ্চিম আরব সাগরের পার্শ্ববর্তী এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আজই সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে আগামী তিন দিনে দক্ষিণ ওমান এবং পূর্ব ইয়েমেন উপকূলের দিকে উত্তর-পশ্চিমে যেতে পারে। আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন, সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হলেও ভারতের পশ্চিম উপকূলে তেমন প্রভাব নাও ফেলতে পারে।

মৌসম ভবনের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, ‘দ্বিতীয় নিম্নচাপটি পশ্চিম উপকূলে বৃষ্টি নিয়ে আসতে পারে এবং নির্ধারিত সময়ের থেকে আগেই বর্ষা আসার অনুকূল পরিস্থিতি তৈরি করতে পারে। আমরা আশা করতে পারি যে আগামী ১ বা ২ জুনের মধ্যে কেরালায় বর্ষা পৌঁছে যাবে। এই নিম্নচাপটি ভারতীয় উপকূলের কাছে রয়েছে এবং বৃষ্টি আনতে পারে।’

অন্যদিকে, আগামী ৩১ মে থেকে ৪ জুনের মধ্যে ভারতীয় উপকূলের কাছে দক্ষিণ-পূর্ব এবং পার্শ্ববর্তী পূর্ব-মধ্য আরব সাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে, তার জেরে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর পথ আরও পরিষ্কার হবে।

RELATED Articles

Leave a Comment