জ্বালানির বাজারে বড় পরিবর্তনের ইঙ্গিত! ইথানল মিশ্রিত পেট্রোলে শুল্ক ছাড় দিল কেন্দ্র, সাধারণ মানুষের খরচ কি এবার কিছুটা কমবে?

আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে ওঠানামা চলছেই। যুদ্ধ পরিস্থিতি ও বৈশ্বিক অনিশ্চয়তার কারণে ভবিষ্যতে পেট্রোল ও ডিজেলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে বিকল্প জ্বালানির ব্যবহার বাড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। ইথানল মিশ্রিত পেট্রোলের উপর আবগারি শুল্ক তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সরকার জানিয়েছে, ২২ শতাংশ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ইথানল মেশানো পেট্রোলের ক্ষেত্রে আর আবগারি শুল্ক দিতে হবে না। ফলে E22, E25, E27 এবং E30 শ্রেণির জ্বালানি এই সুবিধার আওতায় আসবে। সম্প্রতি কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী E85 জ্বালানির উদ্বোধনও করেছেন। এই ধরনের জ্বালানির ব্যবহার বাড়লে পেট্রোলের উপর নির্ভরতা কমবে এবং খরচও কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

দেশে জৈব জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্য নিয়ে ২০১৮ সালে জাতীয় জৈব জ্বালানি নীতি চালু করা হয়েছিল। পরে ২০২২ সালে সেই নীতিতে পরিবর্তন এনে ২০ শতাংশ ইথানল মিশ্রণের লক্ষ্য ২০৩০ সালের বদলে ২০২৫-২৬ অর্থবর্ষের মধ্যেই পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মধ্যে সরকারি তেল বিপণন সংস্থাগুলি ২০২২ সালের জুন মাসে ১০ শতাংশ ইথানল মিশ্রণের লক্ষ্য অর্জন করে।

এরপর থেকে ধাপে ধাপে ইথানলের ব্যবহার বেড়েছে। ২০২২-২৩ অর্থবর্ষে ইথানল মিশ্রণের গড় হার ছিল ১২.০৬ শতাংশ। ২০২৩-২৪ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়ায় ১৪.৬০ শতাংশে। আর ২০২৪-২৫ অর্থবর্ষে ফেব্রুয়ারি পর্যন্ত এই হার পৌঁছে গিয়েছে ১৭.৯৮ শতাংশে। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, দেশে বিকল্প জ্বালানির ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

আরও পড়ুনঃ ২০২৬-এর ভরাডুবির পর কি বদলে গেল তৃণমূলের রাজনৈতিক কৌশল? রাহুল-অভিষেকের ৮৮ মিনিটের বৈঠকে কি চূড়ান্ত হল বাংলার নতুন সমীকরণ?

ভারত এখনও বিপুল পরিমাণ অপরিশোধিত তেল বিদেশ থেকে আমদানি করে। এর ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা খরচ হয়। কেন্দ্রের মতে, ইথানলভিত্তিক জ্বালানির ব্যবহার বাড়লে আমদানি নির্ভরতা কমবে এবং দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির দাবি, এতে দূষণ কমার পাশাপাশি কৃষক, শ্রমিক ও গ্রামীণ এলাকার মানুষেরও আর্থিকভাবে লাভ হবে।

khabor24x72019

আরও পড়ুন

আরও অন্যান্য খবর