কোনও ভাষা না জানাটা অবশ্যই অন্যায় কিছু নয়। ভারত বিচিত্র দেশ। এক এক রাজ্যে এক একটি ভাষা শোভা পায়। সেখানে দাঁড়িয়ে আমরা সকলেও যে নিজের দেশেরই সব ভাষা জানি বা বুঝি, এমন তো একেবারেই নয়। একই ঘটনা ঘটেছে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর সঙ্গেও। জানা গিয়েছে যে হিন্দি ভাষা পড়তে পারেন না তিনি।
আজ আন্তর্জাতিক হিন্দি ভাষা দিবস। আজকের দিনে এই কথাটি শুনলে হয়ত অনেকেই তাজ্জব হবেন। তবে একথা সত্যি যে ডঃ মনমোহন সিং হিন্দি বলতে পারলেও তা পড়তে পারেন না একেবারেই। এই কারণেই তাঁর সমস্ত বক্তৃতা উর্দুতে লিখে দেওয়া হত, যা দেখে তিনি হিন্দি উচ্চারন করতেন।
এই জানা গিয়েছে যে, যদি কোথাও হিন্দিতে ভাষণ দেওয়ার প্রয়োজন পড়ত, তবে তা অনুশীলন করতে তাঁর বেশ সময় লাগত। সূত্রের খবর অনুযায়ী, তিনি যখন তাঁর প্রথম হিন্দি ভাষণ দেন, তার আগে তিনদিন ধরে তাঁকে অনুশীলন করতে হয়। মনমোহন সিং-এর ভাষণ দেওয়ার এমন অনেক ভিডিওতে লক্ষ্য করা গিয়েছে যে তাঁকে উর্দুতে ভাষণ লিখে দেওয়া হয়েছে, যা দেখে তিনি হিন্দিতে বক্তৃতা দিচ্ছেন।

প্রসঙ্গত, ১৯৩৬ সালের বর্তমান পাকিস্তানের পঞ্জাবের গাহ্ প্রদেশে জন্মগ্রহন করেন ডঃ মনমোহন সিং। খুব ছোটো বয়সেই মা-কে হারান তিনি। এরপর ১২ বছর নিজের গ্রামে কাটানোর পর দেশভাগের পরে পরিবারের সঙ্গে ভারতে আসেন তিনি। স্থায়ীভাবে বসবাস শুরু করেন অমৃতসরে। তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন এই গাহ্’কে কূটনীতির দিক দিয়ে ব্যবহার করত পাকিস্তান সরকার। এইসময় মনমোহন সিং অনেকবার নিজের জন্মস্থানে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করলেও তখন ভারত পাকিস্তানের রাজনৈতিক অবস্থানের কারণে তা আর হয়ে উঠেনি।





