বঞ্চনা নয়, কৃষকদের স্বার্থ রক্ষা করবে নতুন কৃষিবিল! বিভ্রান্তি দূর করতে আলোচনার পথ সদা প্রশস্ত, জানালেন রাজনাথ সিং

বর্তমানে কৃষক আন্দোলনে উত্তাল ভারত। নতুন কৃষি বিলের বিরোধিতায় চলা কৃষক আন্দোলনের ১৯ তম দিন। দিল্লির সীমান্তে টানা চলছে আন্দোলন।

দমনমূলক নীতি থেকে শুরু করে আলোচনা কোন‌ও কিছুতেই সমাধানসূত্র মেলেনি। ‌এই অনশনকে সমর্থন করে আজ অনশন রেখেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। ইতিমধ্যেই বেশ কয়েকবার সরকারের সঙ্গে কৃষক সংগঠনের প্রতিনিধিদের বৈঠক হলেও সমাধানের কোনও রাস্তাই বেরোয়নি। এর জেরে সোমবার সকাল ৮ থেকে বিকেল ৫টা পর্যন্ত অনশনের ডাক দিয়েছেন বিক্ষোভকারীরা। তাঁদের সমর্থনে অনশন করার ঘোষণা করেছেন খোদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নিজের দলের প্রত্যেক সদস্যকেও কৃষকদের সমর্থনে এই কাজ করার অনুরোধ জানিয়েছেন। দেশের অন্যান্য বিরোধী সংগঠনগুলিও আজ পাশে রয়েছে অনশনরত কৃষকদের।

আর এবার সিদ্ধান্ত পরিবর্তন না করে কৃষি বিলের স্বপক্ষেই  আসরে নামলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নিজের বক্তব্যে তিনি দাবি করলেন, কৃষকদের সবরকম স্বার্থের কথা মাথায় রেখেই কৃষিক্ষেত্রে নয়া সংস্কার করা হয়েছে। একইসঙ্গে যে কোনও বিভ্রান্তি দূর করতে কেন্দ্র সর্বদা আলোচনার জন্য তৈরি বলে জানালেন রাজনাথ।

এর আগে শনিবার  ফিকির বার্ষিক সাধারণ সভায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী কৃষি বিল এর স্বপক্ষে যুক্তি দেখিয়েছিলেন। কৃষকদের আগামী উজ্জ্বল করার জন্য‌ই এই নতুন কৃষি বিল আনা হয়েছে বলে দাবি করেছিলেন তিনি আর এবার ফিকির বার্ষিক সাধারণ সভায় রাজনাথ সিং দাবি করেন, ‘কৃষক ভাইদের কথা শোনার জন্য সর্বদা প্রস্তুত’ সরকার।

কৃষিকে ‘সকল (ক্ষেত্রের) ভিত্তি’ হিসেবে উল্লেখ করে মন্ত্রিত্বের নিরিখে মোদী সরকারের সেনাপতি বলেন, ‘আমাদের কৃষিক্ষেত্রে কখনও কোনও অনগ্রসরমূলক পদক্ষেপ করার প্রশ্নই ওঠে না। ভারতীয় কৃষকদের সবরকম স্বার্থের কথা মাথায় রেখে নয়া সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

রাজনাথের সেই সওয়ালের দিন সকাল থেকেই দিল্লি ও হরিয়ানার সিংঘু সীমান্তে অনশনে বসেছেন বিভিন্ন কৃষক সংগঠনের নেতারা। একইসঙ্গে দেশের সব জেলার সদর দফতরে বিক্ষোভ দেখানো হবে। ধর্নাও চলবে বলে জানিয়েছে কৃষক সংগঠনগুলি।

RELATED Articles