কৃষকদের কাঁধে বন্দুক রেখে রাজনীতি করছে বিরোধীরা! অন্নদাতাদের বিভ্রান্ত করা বন্ধ করুন হুঁশিয়ারি মোদীর

নতুন কৃষি আইনে অনড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।আজ, শুক্রবার ‘কিষাণ কল্যাণ’ শীর্ষক এক অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে প্রধানমন্ত্রী ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে দেশের বিক্ষুব্ধ কৃষকদের প্রতি বার্তা দিলেন। জানালেন দেশের ৩৫ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ১৬৬০ কোটি টাকা ট্রান্সফার করেছে কেন্দ্র। কৃষকদের ফসলের নানা লোকসানের ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দিল্লি সীমান্তে চলা কৃষক আন্দোলনের আজ ২৩ তম দিন। কেন্দ্রের সঙ্গে বারবার আলোচনায় বসার পরেও মেলেনি কোন‌ও সমাধানসূত্র।

নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় কৃষকরা। এক‌ইভাবে নতুন কৃষি আইনের পক্ষেই টানা সওয়াল করে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজকের সভা মঞ্চ থেকে নিশানা করেছেন বিরোধীদের। বলেন, আমায় ক্রেডিট দিতে হবে না। আপনাদের পুরনো ঘোষণাপত্রকে ক্রেডিট দিচ্ছি। আমি কৃষকদের ভাল চাই। আপনারা কৃষকদের বিভ্রান্ত করা বন্ধ করুন। এই আইন ৬ মাসের বেশি হয়ে গেল তৈরি হয়েছে। এখন হঠাত্‍ বিরোধীরা লাফাতে শুরু করল। কৃষকদের কাঁধে বন্দুক রাখা হচ্ছে। কংগ্রেসকে এইভাবেই বেঁধেন মোদী।

প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, এই আইনে কোনও ভাবেই ক্ষতিগ্রস্ত হবেন না কৃষকেরা। কারণ, মোদী ক্যাবিনেট দেশের কৃষকদের ‘অন্নদাতা’ বলে মনে করে। তিনি জানান, পূর্বতন সরকার কৃষকদের এমএসপি বাড়ায়নি। তাঁর সরকারই একমাত্র ফসলের উপর দেড়গুণ এমএসপি দেয়। অতীতে সকলেই কৃষকদের ব্যবহার করেছে কিন্তু তাঁদের উন্নতিবিধান করেনি। যে কাজটা ৩০ বছর আগেই হওয়া উচিত ছিল সেটা এখন হচ্ছে। বহু চিন্তাভাবনা করেই এই আইন প্রণয়ন করা হয়েছে। আর এই নতুন আইন নিয়ে কৃষকদের আতঙ্কিত হওয়ার কোনও প্রশ্নই নেই, কেননা, এর মাধ্যমে কৃষকেরা সমস্ত আধুনিক প্রযুক্তির সুবিধা পাবেন। তাঁদের এমএসপি বা জমি নিয়ে কোনও দুর্ভাবনায় ভুগতে হবে না।

অর্থাৎ কৃষক আন্দোলন, অনশন যতই জোরদার হোক না কেন‌ও, যতবার‌ই আলোচনায় বসা হোক না কেন‌ও, নতুন কৃষি আইনে যে কোন‌ও পরিবর্তন আসবে না তা আজ স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী।

 

RELATED Articles