দেশের সর্বোচ্চ আদালতের রায়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন বঙ্গ বিজেপি নেতারা। পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় মুকুল রায় কৈলাস বিজয়বর্গীয়’র মতো ৫ তাবড় বিজেপি নেতার নামে শতাধিক মামলা রয়েছে।
আজ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে বিজেপি’র অভিযুক্ত পাঁচ নেতাকে গ্রেফতার করা যাবে না। এই সব মামলার বিরুদ্ধে প্রথমে কলকাতা হাইকোর্টে পাল্টা মামলা দায়ের করে বিজেপি। কিন্তু সেখানে কোনও লাভ না হওয়ায় সম্প্রতি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিজেপি’র পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক অরবিন্দ মেনন। সেই মামলার শুনানিতেই আজ জানানো হয়েছে যে পরবর্তী শুনানির আগে পর্যন্ত ওই পাঁচ বিজেপি নেতাকে গ্রেফতার করা যাবে না।
প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন থানায় যাঁদের বিরুদ্ধে ১০০টিরও বেশি মামলা বিচারাধীন রয়েছে তাঁরা হলেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, অর্জুন সিং, পবন সিং এবং সৌরভ সিং।
সুপ্রিমকোর্টে তরফে জানানো হয়েছে এখনই এঁদের বিরুদ্ধে কোনও শান্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না।
এই বিষয়ে রাজ্য সরকার ও পুলিশকে নোটিসও দিয়েছে শীর্ষ আদালত। ৪ সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রীরামপুরে বিজেপি নেতা কবীর শঙ্কর বসুকে ‘হেনস্থা’র ঘটনায় CISF-র কাছে রিপোর্ট তলব করেছে আদালত।
উল্লেখ্য, মামলাকারীদের তরফে দাবি করা হয়েছে, বিজেপি-তে যোগ দেওয়ার পর থেকে তাঁদের বিরুদ্ধে পরিকল্পনামাফিক একাধিক মামলা দায়ের করা হচ্ছে। এই মামলাগুলির তদন্ত CBI-র মতো কোনও নিরপেক্ষ সংস্থা দিয়ে তদন্ত করানো হোক। এদিন সুপ্রিম কোর্টে মামলাটির শুনানিতে আবেদনকারীদের পক্ষে আইনজীবী মুকুল রোহতগি বলেন, ‘বাংলায় এখন বিজেপি-তে যোগ দেওয়াটাই ফৌজদারি অপরাধ হয়ে দাঁড়িয়েছে।’





