উত্তরপ্রদেশে উড়ল পাকিস্তানী পতাকা। চিরশত্রুদের পতাকা উত্তোলন করার ঘটনার জেরে সে রাজ্যের চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। গতকাল, শুক্রবার এমনই একটি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
পুলিশ সূত্রের খবর, যোগী আদিত্যনাথের রাজ্যের গোরক্ষপুরের চৌরিচৌরায় দুই পরিবারের চারজনের বিরুদ্ধে এই পাকিস্তানী পতাকা উত্তোলন করার অভিযোগ উঠেছে। নিজেদের ছাদে এই পতাকা ওড়ান তারা।
তবে গোরক্ষপুরের অ্যাডিশনাল এসপি মনোজ কুমার অবস্থি জানান যে অভিযুক্তদের পরিবারের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবী, তারা নিজেদের ধর্মীয় পতাকা উড়িয়েছেন। আর সেই পতাকাটিকেই পাকিস্তানী পতাকা ভেবে ভুল করা হচ্ছে। তাদের সেই পতাকা ওড়ানোর দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ঘটে বিপত্তি। বিতর্ক এড়াতে দ্রুতই সেই পতাকা নামিয়ে ফেলে সেই দুই পরিবার।
ব্রাহ্মণ জনকল্যাণ সমিতির সভাপতি কল্যাণ পাণ্ডে অভিযুক্ত তালিম, পাপ্পু, আশিক এবং তাঁর ভাই আসিফের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। তাঁর অভিযোগ, “সোশ্যাল মিডিয়ায় পাক পতাকা ওড়ানোর ছবি ভাইরাল হয়ে গিয়েছিল। তা দেখেই স্থানীয় থানায় খবর দিই”।
লিখিত এই অভিযোগ পাওয়ার পরই চৌরিচৌরা থানার পুলিশের তরফে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪-এ ধারায় মামলা রুজু করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
তবে জানা গিয়েছে, পুলিশ অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালিয়ে কোনও পাকিস্তানি পতাকা খুঁজে পায়নি। অভিযুক্ত পরিবার পুলিশের হাতে চারটি ধর্মীয় পতাকা তুলে দেয়। এই পতাকাগুলিকেই ভুলবশত পাকিস্তানের পতাকা মনে করা হয়েছিল।
তবে গোরক্ষপুরের এসএসপি বিপিন তাডা জানান যে এই বিষয়টিকে একেবারেই হালকাভাবে নেওয়া হচ্ছে না। পুলিশ এই ঘটনাটি খতিয়ে দেখছে। এর পাশাপাশি তাঁদের হাতে যে চারটি পতাকা এসে পৌঁছেছে, তার মধ্যে একটিতে ঊর্দু ভাষায় কিছু একটা লেখা রয়েছে। সেই লেখাটি আসলে কী, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।





