আজকের দিনটি ইতিহাসের পাতায় এক গভীর ছাপ রেখে যেতে চলেছে। কারণ আজ সুদূর ফ্রান্স থেকে ৭ হাজার কিমি পথ অতিক্রম করে ভারতের মাটিতে আসতে চলেছে যুদ্ধবিমান “রাফাল”। ভারতকে তাঁর শত্রুপক্ষের হাত থেকে রক্ষার দায়িত্ব এবার রাফালের ওপর বর্তীত হতে চলেছে। আজ ভারতীয় সময় দুপুর দেড়টা থেকে দুপুর তিনটের মধ্যেই এই অত্যাধুনিক যুদ্ধবিমানগুলি হরিয়ানার অম্বালা বায়ুসেনা ঘাঁটিতে অবতরণ করবে।
প্রসঙ্গত, ২০১৬ সালে ভারতের সঙ্গে ফ্রান্সের দাসোল এর ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি হয়েছিল ৷ যার জন্য খরচের পরিমান নির্ধারণ করা হয়েছিল প্রায় ৫৯ হাজার কোটি টাকা ৷ এই ৩৬ টি বিমানের মধ্যে ১৮ টি থাকবে হরিয়ানার অম্বালা ও বাকি ১৮ থাকবে পশ্চিমবঙ্গের হাসিমারায়। আজ প্রথমবার ৫ টি বিমান আসছে ভারতে।
https://twitter.com/Dassault_OnAir/status/1287675869142691842?s=20
চুক্তির চার বছর পার হয়েছে। এবার এতদিন বাদে যুদ্ধবিমানের ভারতের মাটিতে আসার খবরে আনন্দিত সকলেই। রাফালকে স্বাগত জানাতে বিমানঘাঁটিতে উপস্থিত থাকবেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আর কে ভাদোরিয়া। চার বছর আগের এই রাফাল চুক্তিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
এই বিমানগুলিকে রাখা হবে ভারতীয় বায়ুসেনার চীন ও পাকিস্তান সীমান্ত থেকে প্রায় ২০০ কিমি দূরে অবস্থিত অম্বালার এয়ারবেসে। এর জন্য বায়ুসেনার ১৭ নম্বর “গোল্ডেন অ্যারো” স্কোয়াড্রনকে নতুন ভাবে গড়ে তোলা হচ্ছে। এই রাফাল যুদ্ধবিমানের নিরাপত্তার দিকেও বিশেষ নজরদারি রাখা হয়েছে। এয়ারবেসের নিকটবর্তী এলাকায় মানুষের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া এই যুদ্ধবিমানের ছবি ক্যামেরাবন্দী করতেও নিষেধ করা হয়েছে।
বায়ুসেনার তরফে জানানো হয়েছে, ওই স্কোয়াড্রনের কমান্ডিং অফিসার হলেন গ্রুপ ক্যাপ্টেন হরকিরত সিংহ। তাঁর তত্ত্বাবধানেই এই পাঁচটি বিমান ভারতের মাটিতে আসতে চলেছে। এছাড়াও থাকবেন উইং কমান্ডার এমকে সিংহ ও আর কাটারিয়া।
পাঁচটি বিমানের মধ্যে তিনটি বিমান এক-চালক বিশিষ্ট ও বাকি দুটি দুই-চালক বিশিষ্ট। ওই দুই চালক বিশিষ্ট দুটি বিমানকে প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হবে। প্রসঙ্গত এই বিশেষ যুদ্ধবিমানকে ভারতে নিয়ে আসার জন্য ভারতের বায়ুসেনার ৭ জন পাইলটকে ৯ মাস ধরে ফ্রান্সে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
ফ্রান্সের দাসোলের তরফে জানানো হয়েছে, মোট ১০টি বিমান ভারতের হাতে তুলে দিচ্ছে ফ্রান্স। যার মধ্যে ৫ টি ভারতে আসছে এবং বাকি ৫টি ফ্রান্সেই থাকবে ভারতীয় বায়ুসেনার দ্বিতীয় ব্যাচের সেনানীদের প্রশিক্ষণের জন্য। তবে মোট ৩৬টি যুদ্ধবিমান আগামী ২০২১ সালের শেষে অথবা ২০২২ সালের মধ্যেই ভারতে চলে আসবে। এই বিমান ভারতে চলে আসলে ভারত সামরিক দিক থেকে যে পৃথিবীর অন্যতম শক্তিশালী রাষ্ট্রে রূপান্তরিত হবে তা বলার অপেক্ষা রাখে না।
সূত্রের খবর, বিমানগুলি অম্বালা এয়ারবেসে আনার পর বায়ুসেনা কর্তার সঙ্গে বৈঠকে বসবেন হরকিরত সিংহ ও তাঁর টিম। এরপর বিমানগুলিকে তার অপারেশনাল বেস-এর দিকে নিয়ে যাওয়া হবে। তবে শুধু সামরিক দিক দিয়েই নয় ফ্রান্স ভারতকে করোনা সংক্রমণের মোকাবিলাতেও সাহায্য করেছে। ভারতকে ফ্রান্স ৭০টি ভেন্টিলেটর, ১০ হাজার টেস্ট কিট পাঠাচ্ছে। সাথে ১০জন স্বাস্থ্য বিশেষজ্ঞকেও ভারতে পাঠানো হচ্ছে। তবে রাফাল অধ্যায়ের শুভ সূচনার দিন হিসেবে প্রতিটা ভারতবাসী আজকের দিনটি প্রতি বছর সাড়ম্বরে পালন করবে।





