সফল হল না প্লাজমা থেরাপি, মুম্বাইয়ে মারা গেলেন চিকিৎসারত করোনা রোগী

প্লাজমা থেরাপিও এবার কাজ করল না করোনা চিকিৎসায়। মুম্বাইয়ে করোনা রোগীর উপর প্লাজমা থেরাপির প্রয়োগ করা হলেও মারা গেলেন সেই রোগী।

দিল্লি, গুজরাত, তেলেঙ্গনার মতো রাজ্যগুলি করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্লাজমা থেরাপির উপর জোর দিচ্ছে। দিল্লিতে ইতিমধ্যে এই চিকিৎসা পদ্ধতির সুফলও মিলেছে। ভেন্টিলেশনে পাঠানো ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কিন্তু এবার কাজে এল না এই থেরাপি। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তির উপর প্লাজমা থেরাপি প্রয়োগ করা হলেও গত বুধবার রাতেই মারা গিয়েছেন ওই ব্যক্তি।

৫৩ বছরের ওই ব্যক্তির উপর মৃত্যুর ৪ দিন আগে প্লাজমা থেরাপি প্রয়োগ করা হয়েছিল। তিনি সেপ্টিসেমিয়া এবং তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। করোনা আক্রান্ত ওই রোগীকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল।

রাজধানী দিল্লিসহ ভারতের কয়েকটি রাজ্যে করোনার চিকিৎসায় প্লাজমা থেরাপি পরীক্ষামূলক ভাবে শুরু হয়ে গেলেও, কেন্দ্র এখনও এই পদ্ধতিকে মান্যতা দেয়নি। নিষিদ্ধ করা হয়েছে প্লাজমা থেরাপি। করোনাভাইরাস চিকিৎসায় বিশ্বে কোনও অনুমোদিত পদ্ধতি নেই। প্লাজমা থেরাপিও আপাতত গবেষণার পর্যায়ে রয়েছে। যতদিন না ইন্ডিয়ান কাউন্সিল মেডিক্যাল রিসার্চের অনুমোদন মিলছে ততদিন দেশের কোথাও করোনা আক্রান্তদের চিকিৎসায় প্লাজমা থেরাপি ব্যবহার করা যাবে না। গত মঙ্গলবারই সেকথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কেন্দ্র।

প্লাজমা থেরাপি ব্যবহার করে প্রথমে সুস্থ হয়ে ওঠেন কেরলের এক ব্যক্তি। সেই পথ অনুসরণ করে পরে সফল হয় দিল্লিও। তারপরেই একের পর এক রাজ্য প্লাজমা থেরাপির পথে পা বাড়াতে থাকে। কিন্তু মুম্বাইয়ে প্লাজমা থেরাপির সাফল্য কোথাও গিয়ে বাধাপ্রাপ্ত হল।

এদিকে শুক্রবার সকালেই এদেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩৫ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের শিকার হয়েছেন ১৯৯৩ জন। মৃত্যু হয়েছে ৭৩ জনের। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,১৪৭।

RELATED Articles

Leave a Comment