জঙ্গি দমনে ফের বড় সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী। উপত্যকায় ভারতীয় জওয়ানদের এনকাউন্টারের ফলে খতম হল পাঁচ লস্কর জঙ্গি।
গত দু’দিন ধরে জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার সামনো এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে ভারতীয় সেনার ৩৪ রাষ্ট্রীয় রাইফেলস, ৯ আধা সামরিক বাহিনী, পুলিশ ও সিআরএফের। সেই অভিযানেই ভারতীয় সেনার গুলিতে এখনও পর্যন্ত নিকেশ হয়েছে ৫ জঙ্গি। এই অভিযান এখনও চলছে বলে খবর।
#UPDATE | Kulgam Encounter update | Three Lashkar-e-Taiba terrorists killed in the ongoing encounter. Operation continues. https://t.co/OEYYLpMTr1
— ANI (@ANI) November 17, 2023
জানা যায়, সামনো গ্রামের নানান বাড়িতে ঘাঁটি গেড়েছে জঙ্গিরা। গোপন সূত্রে সেই খবর পায় ভারতীয় সেনাবাহিনী। এরপর গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যেয় সেই গ্রামে অভিযান চালায় পুলিশ ও বাহিনী। সন্দেহজনক বাড়িগুলির দিকে এগোতে থাকে তারা। সেই সময় জঙ্গিরা গুলি ছুঁড়তে শুরু করে।
পাল্টা গুলি বর্ষণ করেন ভারতীয় সেনারাও। রাতে গুলির লড়াই থেমে যায় বটে শুক্রবার দিনের আলো ফুটতেই ফের শুরু হয় অভিযান। সেই অভিযানের সময়ই নিকেশ করা হয় তিন জঙ্গিকে। আরও কয়েকজন জঙ্গি সেখানে লুকিয়ে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত সপ্তাহেই উপত্যকার সোপিয়ানে সেনা ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে এক জঙ্গি খতম হয়েছিল। গত বৃহস্পতিবার গভীর রাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ের ফলে ওই সন্ত্রাসবাদীর মৃত্যু হয়। প্রচুর পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছিল ওই সময়। আবার রামগড় সেক্টরে পাক সেনার গোলাবর্ষণে বাহিনীর এক জওয়ান আহত হয়েছিলেন।





