করোনার আবহের মাঝে মিলল একটু স্বস্তি। অন্ধকারে এক চিলতে আলোর মতো করোনার সংকটের মধ্যেও একটু আশার আলো দেখলো দেশ। দেশে এই প্রথমবার সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যাকে পেছনে ফেলে এগিয়ে গেল সুস্থ হওয়া রোগীর সংখ্যা।
দিনটা ছিল ৩০শে জানুয়ারি প্রথমবার করোনাভাইরাসের হদিস মেলে। এরপর থেকে চলতে থাকে অবিরাম যুদ্ধ। আর আজ সেই যুদ্ধে বিজয়ের এক ছোট্ট আশা দেখা দিল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, বুধবার সকাল ৮টা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ছিল ১৩৩,৬৩২ জন এবং করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ১৩৫,২০৫ জন। মঙ্গলবার সক্রিয় এবং সেরে ওঠা রোগীর সংখ্যা ছিল যথাক্রমে ১২৯,৯১৭ এবং ১২৯,২১৪। পরবর্তী ২৪ ঘণ্টায় যেখানে সক্রিয় সংক্রামিতের সংখ্যা বেড়েছে ৩,৭১৫ জন এবং ওই সময়ে করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ৫,৯৯১ জন। এই পরিসংখ্যান মানুষের মধ্যে একটু স্বস্তির হাওয়া নিয়ে এসেছে।
তবে দেশে সংক্রমনের সংখ্যা এখনও হু হু করে বেড়েই চলেছে। বুধবার সংক্রমনের দৈনিক বৃদ্ধিও একই ভাবে অব্যাহত ছিল। গত ২৪ ঘণ্টায় সংক্রামিতের সংখ্যা বেড়েছে – ৯,৯৮৫। যা একদিনের রেকর্ড বৃদ্ধির থেকে মাত্র দুই কম। পাশাপাশি গত বৃহস্পতিবার থেকে টানা সাতদিনই দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৯,০০০ এর ঘরেই রয়েছে। ওই সাতদিনে দেশে মোট সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮,৫৭৩ জন। সবমিলিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৭৬,৫৮৩জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আগের তুলনায় মৃতের সংখ্যাও হ্রাস পেয়েছে। দেশে গত একদিনে মারা গেছেন ২৭৪ জন। তার আগে ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ছিল ৩৩১। ফলে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭,৭৪৫।





