বিস্কুট চুরি করার শাস্তি! চার কিশোরকে বেঁধে রেখে গণপিটুনি, বেধড়ক মারধর জনতার, ভাইরাল ভিডিও

দোকান থেকে চিপস-বিস্কুট চুরি করেছিল চার কিশোর। এর জেরে তাদের গণপিটুনি দেওয়া অভিযোগ উঠল উন্মত্ত জনতার বিরুদ্ধে। পুলিশ এসে উদ্ধার করে কিশোরদের। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ভিডিও পোস্ট হওয়া নিয়ে তদন্ত করছে পুলিশ।

কী ঘটেছিল ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসরাইতে। সূত্রের খবর, সেখানে এক দোকান থেকে কয়েকটি চিপস ও বিস্কুটের প্যাকেট চুরি করেছিল চার কিশোর। কিন্তু দোকানের মালিকের হাতে ধরা পড়ে যায় তারা। এরপর তাদের দেওয়া হয় শাস্তি। দোকানের সামনেই খুঁটিতে বাঁধা হয় ওই চারজনকে। এরপর গ্রামবাসীরা তাদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছয় পুলিশ। উন্মত্ত জনতার মারের হাত থেকে উদ্ধার করা হয় চার কিশোরকে। তাদের পরিবারের কাছে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়া হয় চারজনকেই। 

এই ঘটনা প্রসঙ্গে বেগুসরাইয়ের এসপি যোগেন্দ্র কুমার বলেন, “চারজনকে এইভাবে মারধর করে খুব ভুল করেছেন দোকানের মালিক। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে থানায়। নাবালকদের বিরুদ্ধে এমন পদক্ষেপ করা গুরুতর অপরাধ”।

পুলিশের তরফে ওই চার কিশোরের পরিবারকেই বলা হয়েছে যাতে তারা আলাদা করে পুলিশে অভিযোগ করে। এই ঘটনাটি ঘটেছে গত ২৮ অক্টোবর। কিন্তু এখনও পর্যন্ত কেউই পুলিশে কোনও অভিযোগ জানান নি। তবে জানা গিয়েছে ওই কিশোরদের পরিবারের সঙ্গে কথা বলে তাদের বয়ান রেকর্ড করার চেষ্টা করবে পুলিশ। দোকানের মালিকের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর।

RELATED Articles