দেশে ২৪ ঘণ্টায় ৫৬০৯ করোনা আক্রান্ত, মৃত ১৩২!

তবে কি এবার হাতের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি? গত ২৪ ঘন্টায় যেভাবে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল তাতে সেরকমই মনে করা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৬০৯ জন এবং মারা গেছেন ১৩২ জন।
এখনও পর্যন্ত একদিনে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের ঘটনা ঘটেছিল মঙ্গলবার সারাদিনে। তা ছিল ৫৬১১। বুধবার গোটা দেশে করোনা আক্রান্ত হলেন ৫৬০৯ জন। মৃত্যু হয়েছে ১৩২ জন করোনা আক্রান্তের। বৃহস্পতিবার সকালে এই রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। শীঘ্রই রেল, বিমান পরিষেবা চালু হওয়ার কথা ঘোষণা করা হয়েছে, তা শুরু হলে সংক্রমণ কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়ে চিন্তায় বিশেষজ্ঞরা।

যা পরিস্থিতি, প্রতিদিনই প্রায় বিপুল হারে বাড়ছে সংক্রামিত রোগীর সংখ্যা। মঙ্গলবার সংখ্যাটা ছিল ৫৬১১। অর্থাৎ প্রায় একই হারে পরপর দু’দিন বাড়ল আক্রান্তের সংখ্যা। এর ফলে বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১২৩৫৯। যার মধ্যে অ্যাকটিভ কেস ৬৩৬২৪। আর এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৩৪৩৫ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সুস্থ হওয়ার হার ভারতে অনেক বেশি বললেও তামিলনাড়ুকে নিয়ে চিন্তা তৈরি হয়েছে। কারণ চেন্নাইয়ের কোয়ামবেড়ুর বাজার থেকে সংক্রামিত হয়েছেন দু’হাজারেরও বেশি মানুষ, সেটিকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। গুজরাটে ২৪ ঘণ্টায় নতুন করে ৩৯৫ জনের সংক্রমণের খবর মিলেছে, ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১২,১৪০-এ। ২৫ জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা ৭১৯।

যেহেতু প্রতিদিন গড়ে পাঁচ হাজার করে মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন তাই সম্প্রতি করোনা পরীক্ষার নীতিতেও বদল এনেছে কেন্দ্র। বাড়ানো হয়েছে করোনা পরীক্ষার হার।

RELATED Articles

Leave a Comment